বেনাপোলে হেরোইনসহ ৮ মামলার আসামি গ্রেফতার

November 28, 2022 at 11:18PM
from jagonews24.com | rss Feed
যশোরের বেনাপোলে ১০ গ্রাম হেরোইনসহ গোপালগঞ্জের কাশিয়ানি থানার ৮টি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ফাইজান রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর হাফিজিয়া এতিমখানার সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার ফাইজান কাশিয়ানির মৃত দিপক বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উত্তরপাড়া জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ ফাইজানকে গ্রেফতার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ৮টি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সে। গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল বেনাপোলে।
মাদক আইনে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। বিকেলে পাঠানো হয়েছে যশোর আদালতে।
মো. জামাল হোসেন/এমএইচআর