আর্জেন্টাইন তরুণের শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয়

November 14, 2022 at 07:11AM
from somoynews.tv | RSS Feed
ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৬১ মিনিটে ফুলহাম সমতায় ফেরার পর, পয়েন্ট হারানোর শঙ্কা জাগে রেড ডেভিল শিবিরে। তবে অন্তিম মুহূর্তে আর্জেন্টাইন তরুণ তারকা আলেহান্দ্রো গারনাচোর জাদুতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে এরিক টেন হ্যাগের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৩ নভেম্বর) রাতের ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ দিন স্কোয়াডে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্র্যাভেন কোটেজে ম্যাচ শুরুর ১৪ মিনিটে দলকে এগিয়ে নেন ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসন। প্রতি আক্রমণ থেকে ক্যাসেমিরোর পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে মার্শিয়াল বাড়িয়ে দেন ব্রুনো ফের্নান্দেসের উদ্দেশে। এ পর্তুগিজ ফরোয়ার্ড ডি বক্সের দূরহ কোণে দাঁড়িয়ে থাকা এরিকসনের উদ্দেশে বল বাড়ান। সেখানে লক্ষভেদ করতে ভুল করেননি এরিকসন।
আরও পড়ুন: ভক্তদের ভালোবাসা মেসির ভয়ের কারণ
আক্রমণে জবাবটা কম দেয়নি ফুলহামও। তবে ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার বিশ্বস্ত হাত এড়িয়ে তারা কিছুতেই বল জালে জড়াতে পারছিল না। লিড বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছে ম্যানইউও। তবে এরিকসন,-ফের্নান্দেসদের গোল উৎসবে মাততে দেননি ফুলহ্যামের জার্মান গোলরক্ষক বার্ন্ড লেনো। ম্যাচে হেয়া এবং লেনো মিলে কমপক্ষে ১৩টি গোল সেভ দেন।
ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে ম্যান ইউ। ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান ড্যানিয়েল জেমস। এরিকসের উদ্দেশে ফের্নান্দেসের বাড়ানো পাস দখলে নিয়ে প্রতি আক্রমণে ওঠে ফুলহ্যাম। রবিনসন বল বাড়ান উইলিয়ানের উদ্দেশে। তিনি পাস দেন টম ক্যায়ারনিকে। এ ইংলিশ মিডফিল্ডারের ক্রস ছয় গজ দূরত্ব থেকে জালে জড়ান জেমস।
আরও পড়ুন: ওডেগার্ডের জোড়া গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
ম্যাচের ৭২ মিনিটে মার্শিয়ালকে তুলে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার গারনাচোকে নামান টেন হ্যাগ। ম্যাচের নির্ধারিত সময় শেষে সবাই যখন পয়েন্ট ভাগাভাগির কথা চিন্তা করছিল, ঠিক সে সময় ম্যানইউকে জয় সূচক গোলের আনন্দে ভাসান গারনাচো।
যোগ করা সময়ের ঠিক শেষ মুহূর্তে এরিকসনের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে ডি বক্সে ঢুকে ফুলহ্যাম গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান গারনাচো। নাটকীয় জয় নিয়ে মাঠে ছাড়ে ম্যানইউ।
বিশ্বকাপ বিরতিতে যাওয়ার আগে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পাঁচে। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নয়ে ফুলহ্যাম। টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।