পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা


November 06, 2022 at 01:24AM
from jagonews24.com | rss Feed

রাজধানীর পল্লবীতে স্বামী খুনের আট মাস পর স্ত্রী বুবলির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বুবলির পরিবারের দাবি, তাকে হত্যা করেছে তার স্বামীর খুনিরা। অন্যদিকে পুলিশ বলছে, এটি হত্যা নয়, কমপ্লিটলি আত্মহত্যা।

শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুবলির মরদেহ উদ্ধার করা হয়। তার বাসা পল্লবীর বেনারসি পল্লী এলাকায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ গেলো ফেব্রুয়ারিতে জাহিদকে (নিহত বুবলির স্বামী) কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। টেম্পু স্ট্যান্ডে বখাটেদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে জাহিদকে হত্যা করা হয়।

এ ঘটনায় মামলার পরে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, জামিনে বের হওয়া অপরাধীরাই জাহিদের স্ত্রীকে হত্যা করেছে।

নিহত জাহিদের মা ও বুবলির শাশুড়ি জেসমিন জাগো নিউজকে বলেন, বিয়ের করার আশ্বাসে মাহবুব নামে একজন বিহারী আমার ছেলের বউকে হত্যা করেছে। মাহবুব আমার ছেলের হত্যাকাণ্ডের আসামি পক্ষের লোক।

মাহবুব কেন আপনার ছেলের বউকে হত্যা করলেন, জানতে চাইলে তিনি বলেন, গতকাল (শুক্রবার) একটি বেসরকারি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব মনে করছিলেন আমার ছেলের হত্যাকাণ্ডের বিষয়ে বউ টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে। এর আগে আসামিরা আমাদের ভয়-ভীতি দেখিয়েছিল, যেন আমরা সাংবাদিকদের সামনে মুখ না খুলি।

আমি ছেলে ও তার স্ত্রী হত্যার বিচার চাই, যোগ করেন তিনি।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জাগো নিউজকে বলেন, এটি কমপ্লিটলি আত্মহত্যা, খুন না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কীভাবে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি পারভেজ ইসলাম বলেন, বুবলির স্বামী মারা যাওয়ার পরে তার বোনের সঙ্গে থাকতেন। পাশের বাড়ির ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়। ওই ছেলের সঙ্গে ঘুরতে গেলে বোনের সঙ্গে রাগারাগি হয়। মনোমালিন্যের একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন।

টিটি/আরএডি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url