ঢামেকে অ্যাম্বুলেন্সের গ্যারেজে মিললো বৃদ্ধার মরদেহ

October 22, 2022 at 11:58PM
from jagonews24.com | rss Feed
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সরকারি অ্যাম্বুলেন্সের গ্যারেজ থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত পৌনে ১০টার দিকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় গ্যারেজে পড়ে থাকতে দেখে হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের গ্যারেজ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। হাসপাতাল এলাকাতেই থাকতেন। অসুস্থতার কারণে কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
এমকেআর