একটি ভোট কেনা হচ্ছে ৩ লাখ টাকায়!


October 17, 2022 at 04:59AM
from somoynews.tv | RSS Feed

ইভিএমের মাধ্যমে সোমবার (১৭ অক্টোবর) রংপুরে হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে লাখ লাখ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ অক্টোবর) রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন সময় সংবাদকে বলেন, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে জেলার মোট ৮ টি কেন্দ্রে ১৬টি বুথে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।


তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে এরইমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।


এদিকে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ প্রতিদ্বন্দিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবলুর সঙ্গে।


আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচন সোমবার, সিসি ক্যামেরায় মনিটর করবে ইসি


তবে রংপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, একেকটি ভোট কেনাবেচা হচ্ছে ২০ হাজার থেকে ৩ লাখ টাকায়। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। তিনি জানান, প্রমাণসহ অভিযোগ করেও ফল তিনি পাননি।


সম্প্রতি সদরের সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামের একটি অডিও ফাঁস হয়েছে। মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মোসাদ্দেক হোসেন বাবলুর পক্ষে টাকা বিতরণ করা হয়েছে বলে স্বীকার করে তিনি জানান, খামের ভেতর টাকা বিতরণ করা হয়। তিনিও গ্রহণ করেছেন। কিন্তু অন্যান্য ইউনিয়নের ভোটারদের জনপ্রতি ২০ হাজার করে বিতরণ করা হলেও তাদের দেয়া হয়েছে ১৫ হাজার টাকা। এতে তারা ক্ষুব্ধ হয়ে টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। কিন্তু তাতেও কোনো ফল না পেয়ে ক্ষুব্ধ ওই প্রবীণ নেতা।


তিনি বলেন, ‘আমি প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি। সেটি রিটার্নিং কর্মকর্তা আমলে নিয়েছেন না-কি নেননি তা বলতে পারব না।’


আর অভিযোগের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবলু অভিযোগ অস্বীকার করেছেন।


উল্লেখ্য, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ১ হাজার ৯৫ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের ভোটে ১ জন চেয়ারম্যান, ৮ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url