ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা, দোকানে বিক্ষুব্ধ জনতার আগুন

September 14, 2022 at 01:33AM
from jagonews24.com | rss Feed
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর বাজারে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের পাট বাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে যান এলবার্ট সেন্টু। স্বর্ণ মাপ দেওয়ার পর দাম নিয়ে টিপুর সঙ্গে কথা কাটাকাটি হয় সেন্টুর। একপর্যায়ে সেন্টু দোকান থেকে বের হয়ে যান। পরে সেন্টু তার বড় ভাই ডেবিট রকিকে নিয়ে আবারও দোকানে আসেন। এসময় দুই পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। মিঠু তাদের ঝগড়া থামাতে গেলে রকি তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে, মিঠুর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এসময় ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন।

জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোস্তাকিম জাগো নিউজকে বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) খান আব্দুল হালিম সিদ্দিকীবলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যেতেই স্থানীয়রা হামলা চালায়। এসময় তারা ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলায় পুলিশের দুই থেকে তিনজন সদস্য ও ফায়ার সার্ভিসের কয়েকজন আহত হয়েছেন।
মঞ্জুরুল ইসলাম/আরএডি