চাকরির প্রলোভনে ১১ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, গ্রেফতার ২

September 19, 2022 at 12:50AM
from jagonews24.com | rss Feed
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল কাউন্সিলর পদে চাকরি পেয়েছেন বলে শ্বশুরবাড়ির এলাকায় প্রচার করেন জহিরুল ইসলাম ওরফে বাপ্পী। এলাকার মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণও করেন। শ্বশুরবাড়ির এলাকার এতিমখানায় দান-খয়রাত করেও সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এর ৫-৬ মাস পর বাপ্পী পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণলয়ের ‘চিফ অডিট অফিসার’ হওয়ার তথ্য প্রচার করতে থাকেন।
বিষয়টি জানার পর নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি তার ছেলে ও ভাগনের চাকরির জন্য বাপ্পীর সঙ্গে আলোচনা করেন। বাপ্পী নিজাম উদ্দিনের ছেলেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার ও তার ভাগনেকে খাদ্য অধিদপ্তরের স্টোর কিপার পদে চাকরি দেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা দাবি করেন। নিজাম উদ্দিন বিভিন্ন তারিখে বাপ্পীকে ১১ লাখ টাকা দেন। এরপর বাপ্পী তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের দুটি ভুয়া নিয়োগপত্র দেন।
চাকরি দেওয়ার নামে এমন প্রতারণার অভিযোগে জহিরুল ইসলাম ওরফে বাপ্পী ও তার সহযোগী এ এস এম জোবায়েরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
এসময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি ফ্যাক্সের সিল, জনপ্রশাসন, খাদ্য ও অর্থ মন্ত্রণালয়রে অ্যাডমিনের সিল, মন্ত্রণালয়ের লোগো সংবলিত আইডি কার্ড, বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়টি নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ির স্টিকার, উত্তরা ব্যাংকের যশোর শাখার একটি চেক বই, মন্ত্রণালয়ের সার্ভিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, স্টিকার ও সিল জব্দ করা হয়।
রাজধানীর কোতোয়ালি থানার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ভুক্তভোগী এম এম নিজাম উদ্দিনের বাড়ি ও জহিরুল ইসলাম ওরফে বাপ্পীর শ্বশুরবাড়ি একই এলাকায়। ৫-৬ মাস আগে বাপ্পী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল কাউন্সিলর পদে চাকরি পেয়েছেন বলে শ্বশুরবাড়ির এলাকায় প্রচার করেন। মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করেন। সবার দৃষ্টি আকর্ষণের জন্য এতিমখানায় দান-খয়রাতও করে বেড়ান। সম্প্রতি বাপ্পী পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিফ অডিট অফিসার হয়েছেন বলে আবারও প্রচার করেন।
‘এর কিছুদিন পর ভুক্তভোগী নিজাম উদ্দিন তার ছেলে ও ভাগনের চাকরির জন্য বাপ্পীর সঙ্গে আলোচনা করেন। বাপ্পী নিজাম উদ্দিনের ছেলেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার ও তার ভাগনেকে খাদ্য অধিদপ্তরের স্টোর কিপার পদে চাকরি দেওয়ার কথা বলেন। বিনিময়ে ১৬ লাখ টাকা দাবি করেন। নিজাম উদ্দিন বিভিন্ন তারিখে বাপ্পীকে ১১ লাখ টাকা দেন। এরপর গত ৪ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ সচিবালয়ের গেটে নিজাম উদ্দিনকে ডেকে বাপ্পী ও জোবায়ের দুটি নিয়োগপত্র দেন। যাতে নিজামের ছেলেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার ও তার ভাগনেকে খাদ্য অধিদপ্তরের স্টোর কিপার পদে নিয়োগের কথা লেখা ছিল। পরে নিজাম উদ্দিন নিয়োগপত্র দুটি যাচাই করে দেখেন ভুয়া।’
সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, নিজাম উদ্দিন আরও যাচাই-বাছাই করে দেখেন যে, বাপ্পী ও জোবায়ের কেউই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করেন না। পরে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এমন অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় প্রতারণার মামলা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগ মামলার তদন্তভার গ্রহণ করে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে লালবাগ গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা নিজেদেরকে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি ও বিভিন্ন তদবিরের প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।
টিটি/এএএইচ