সিরিজ জেতায় জিম্বাবুয়েকে অভিনন্দন মুমিনুলের

August 08, 2022 at 05:43AM
from somoynews.tv | RSS Feed
টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সমর্থকদের হতাশ করেছে বাংলাদেশ। অন্যদিকে তিন বছর অপেক্ষার পর ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজ জয়ের আনন্দে ভাসছে জিম্বাবুয়ে। এত সংগ্রামের পর সিকান্দার রাজাদের এমন দাপুটে সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ওয়েস্ট সিরিজের পর প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। এর আগে সংক্ষিপ্ত সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষে কখনো হারেনি টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিকান্দার রাজারা ২-১ ব্যবধানে হারিয়েছে সোহান-সৈকতদের।
এরপর সমর্থকরা আশায় ছিল প্রিয় ফরম্যাট ওয়ানডেতে টাইগাররা আবার লড়াইয়ে ফিরবে। কারণ তামিম বাহিনী ওয়েস্ট ইন্ডিজকে এ ফরম্যাটে হোয়াইটওয়াশ করেই যে জিম্বাবুয়েতে পাড়ি দিয়েছে।
কিন্তু এখানেও হতাশ সমর্থকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই হার বাংলাদেশের। বিশেষ করে এক সিকান্দার রাজার কাছে হেরেছে টাইগার বোলাররা। দুই ম্যাচেই সেঞ্চুরির হাঁকানোর পাশাপাশি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সিকান্দার।
প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১০৯ বলে ১৩৫ আর দ্বিতীয় ম্যাচে ১২৭ বলে ১১৭ রান। তাকে প্রথম ম্যাচে ইনোসেন্ট কাইয়া আর দ্বিতীয় ম্যাচে সঙ্গ দিয়েছেন অধিনায়ক রেজিস চাকাভা। শুধু সঙ্গ দিয়েছে বললে ভুল হবে, দুই ম্যাচে দু’জন সেঞ্চুরি হাঁকিয়ে টাইগারদের তাদেরই প্রিয় ফরম্যাটে নাস্তানাবুদ করেছেন।
আরও পড়ুন: রাজার রাজত্বে বাংলাদেশের সিরিজ হারের লজ্জা
তাদের এমন লড়াই দৃষ্টি কাড়বে যে কারও। তিন বছর ধরে যারা ওয়ানডে সিরিজ জিততে পারেনি তাদের কাছ থেকে এমন পারফরম্যান্সের পর, কেউ প্রশংসা না করে পারার কথাও নয়। ২০১৯ সালের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষবার সিরিজ জিতেছিল চাকাভারা। প্রতিপক্ষের বিপক্ষে হেরেও তাই তাদের এমন জয়ে অভিনন্দন জানালেন মুমিনুল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি দলের নিয়মিত সদস্য নন। আবার টেস্টে ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে আছেন বিশ্রামে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে রোববার (৭ আগস্ট) মুমিনুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতায় জিম্বাবুয়েকে অভিনন্দন। সত্যিই খুব ভালো খেলেছে তারা।’
প্রিয় প্রতিপক্ষ, প্রিয় ফরম্যাটে এমন হার সমর্থকদের জন্য মেনে নেয়া দায়। বিশেষ করে বাংলাদেশ যখন ৫০ ওভারের ম্যাচে নিয়মিতই বড় দলগুলোকে হারিয়ে আসছে। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাটিতে সিরিজ হারানোর পর, ওয়েস্টে ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ। আর পরের সিরিজেই কি না বাংলাদেশ দাঁড়িয়ে হোয়াইটওয়াশের সামনে। মুমিনুল অবশ্য আশাবাদী লড়াইয়ে ফিরবে বাংলাদেশ।
আরও পড়ুন: বিমানে থাকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের দল ঘোষণা!
সতীর্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মুুমিনুল নিজের পেজে আরও লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানানোর এটাই সময় আমাদের। ইন শা আল্লাহ, তারা লড়াইয়ে ফিরে আসবে।’