জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারত


August 26, 2022 at 06:24AM
from somoynews.tv | RSS Feed

ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরুর পর জাতিসংঘে প্রথমবারের মতো রাশিয়ার বিপক্ষে ভোট দিলো ভারত। গেল বুধবার (২৪ আগস্ট) নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে এক বৈঠকে মস্কোর প্রস্তাবের বিরুদ্ধে মত দেয় দক্ষিণ এশীয় দেশটি। খবর এনডিটিভি।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বুধবার ইউক্রেনের স্বাধীনতার ৩১তম বার্ষিকী ছিল। ওই দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্তি ছিল। ওই দিন সামরিক সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি এ নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভার্চ্যুয়ালি অংশগ্রহণের বিরোধিতা ও উদ্বেগ জানিয়ে আনুষ্ঠানিক ভোটাভুটির অনুরোধ করেন।

ভোটাভুটিতে জেলেনস্কির ভাষণের পক্ষে ১৫ সদস্যের মধ্যে ভোট পড়ে ১৩ সদস্য রাষ্ট্রের। এই ১৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ছিল ভারত। বিপক্ষে ভোট দেয় রাশিয়া এবং ভোটদানে বিরত ছিল চীন।

ভাসিলি এ নেবেনজিয়া এ সময় বলেন, রাশিয়া জেলেনস্কির অংশগ্রহণের বিরোধিতা করে না। তবে এই ধরনের অংশগ্রহণ অবশ্যই ব্যক্তিগতভাবে হতে হবে। তিনি এই বিষয়ে একটি পদ্ধতিগত ভোটের আহ্বান জানান।

আরও পড়ুন: রাশিয়ার খাদ্যশস্যও সারা বিশ্বে রফতানি করা হোক: জাতিসংঘ

বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অংশগ্রহণের প্রস্তাব উত্থাপন করে পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। কয়েকটি সদস্যরাষ্ট্রও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে সমর্থন দেয়।

গেল ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা শুরু করে। রাশিয়াকে নিন্দা জানাতে বা নিষেধাজ্ঞা আরোপ করতে এর আগে জাতিসংঘে একাধিকবার ভোটাভুটি হয়েছে। কিন্তু প্রতিবারই ভোটদানে বিরত থেকেছে দিল্লি। এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরাগভাজন হতে হয়েছে ভারতকে।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ নানা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। কিন্তু ভারত এরপরও রাশিয়ার সমালোচনা করেনি বরং নয়াদিল্লি বারবার রাশিয়া ও ইউক্রেনকে কূটনৈতিক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়ে আসছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রভাব ফেলবে যে হত্যা?

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে খুশি করতেই বুধবার রাশিয়ার আপত্তি স্বত্ত্বেও নিরাপত্তা পরিষদের বৈঠকে জেলেনস্কির যোগদানের পক্ষে ভোট দিয়েছে ভারত।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত। এই পদে তাদের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। দেশটি বহুদিন ধরেই পরিষদের স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা করছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url