কৃষ্ণাঙ্গ যুবক আহমদ আরবারি হত্যাকাণ্ডে একজনের যাবজ্জীবন

August 09, 2022 at 05:47AM
from somoynews.tv | RSS Feed
যুক্তরাষ্ট্রের আলোচিত আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ যুবক আহমদ আরবারি হত্যাকাণ্ডে জড়িত এক আসামির শাস্তি ঘোষণা করা হয়েছে। এতে আরবারির উপর গুলি চালানো শ্বেতাঙ্গ যুবক ট্রাভিস ম্যাকমাইকেলের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জর্জিয়া রাজ্যের ব্রাউন্সউইকে আহমদ আরবারিকে পিছু ধাওয়া করে একটি পার্কের মধ্যে গুলি করে হত্যা করা হয়। এসময় আরবারিকে সরাসরি গুলি করেন ট্রাভিস ম্যাকমাইকেল।
হত্যার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু দুই মাসের বেশি সময় পরও পুলিশ সন্দেহভাজনদের অভিযুক্ত না করায় গোটা যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ও প্রতিবাদ দেখা দেয়।
এক পর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ট্রাভিস ম্যাকমাইকেল, তার বাবা ৬৫ বছর বয়সী গ্রেগরি ম্যাকমাইকেল ও প্রতিবেশী উইলিয়াম রোডি ব্রায়ানকে আটকের পর বিচারের আওতায় আনা হয়।
আরও পড়ুন : সন্তান স্মরণে দীর্ঘ নখ রেখে বিশ্বরেকর্ড
হত্যা ছাড়াও অপহরণের চেষ্টা ও বর্ণবাদী আচরণের মতো রাষ্ট্রীয় ঘৃণাজনিত অপরাধে তিন আসামিকে অভিযুক্ত করা হয়।
প্রায় এক বছর মামলার শুনানির পর গত বছরের নভেম্বরে তিন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়। ১২ সদস্যের এক জুরি বোর্ড তাদেরকে দোষী সাব্যস্ত করেন।
সোমবার (৮ আগস্ট) ট্রাভিস ম্যাকমাইকেলের শাস্তি ঘোষণা করেন জর্জিয়ার বন্দরনগরী ব্রান্সউইকের ডিস্ট্রিক্ট কোর্ট। তবে তার এ শাস্তিকে অনেকটা প্রতীকী বলে মনে করা হচ্ছে। আরবারি হত্যাকাণ্ডে চলতি বছরের শুরুর দিকে জর্জিয়া স্টেট কোর্টও ট্রাভিসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে গোলাগুলি, আহত ৯
সোমবার সাজা ঘোষণার পর বিচারক লিসা গডবি উড বলেন, ‘ম্যাকমাইকেল ‘সুবিচার’ পেয়েছেন। এদিন সাজা ঘোষণার সময় আরবারির পরিবারের সদস্যরা আদালতেই ছিলেন। রায় ঘোষণার আগে তাদের বক্তব্য শোনেন বিচারক লিসা।
আরবারির মা ওয়ান্ডা কুপার জোন্স বলেন, ‘আরবারি কোনো অন্যায় না করা সত্ত্বেও তাকে হত্যা করা খুবই অন্যায় হয়েছে।’ সাজা ঘোষণা করা হলেও আদালতে দাঁড়িয়ে কিছু বলতে অস্বীকার করেন ট্রাভিস। আরবারি হত্যাকাণ্ডের আরও দুই আসামির শাস্তিও খুব শিগগিরই ঘোষণা করা হবে।