করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় মার্কিন কর্মকর্তারা

August 03, 2022 at 04:11AM
from somoynews.tv | RSS Feed
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি কো-অর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটি লরা স্টোন এ প্রশংসা করেন।
মঙ্গলবার (২ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে লরা স্টোন বলেন, বিপুল জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব এবং বিশ্বের অনেক দেশের জন্যই এটি একটি রোল মডেল।
দুদিনের সফরে ঢাকায় এসে লরা স্টোন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তারা। অন্যদিকে কোভিড ভ্যাক্সিন অনুদান দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামনের দিনগুলোতে সহযোগিতার ক্ষেত্রসমূহ বিস্তৃত করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেয়া হবে: জাতিসংঘ মহাসচিব
লরা স্টোন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল অ্যাকশন প্ল্যান ফর কোভিড-১৯ রেসপন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশের যৌথ আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।
এর আগে ডেপুটি কো-অর্ডিনেটর লরা স্টোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুদেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। উভয় বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।