ভিডিও করলি কেন বলেই যুবককে পেটান মেম্বার

August 03, 2022 at 04:07AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুরে চুরির অপবাদে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুল হকের বিরুদ্ধে। মারধর করার সময় ভিডিও করার অপরাধে আরেক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন তিনি।
সেই ভিডিও সোমবার (২ আগস্ট) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, পিটুনি খেয়ে এক যুবক মাটিতে বসে পড়েছেন- সেই অবস্থাতেই মেম্বার নিজেই একটি লাঠি দিয়ে ওই যুবককে পেটাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। বলছেন 'ভিডিও করলি কেন? আরও ভিডিও কর, তোর কাছে আর মোবাইল নাই।’
২৩ সেকেন্ডের ওই ভিডিওতে আশপাশে অনেককে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ মেম্বারের এ নির্যাতন বন্ধ করার চেষ্টাও করছেন না। ওই যুবক যতক্ষণ পারছেন নিজের হাত দিয়ে ফেরানোর চেষ্টা করছেন আর চিৎকার করছেন।
আরও পড়ুন: ক্লাসরুমে পাঁচ ছাত্রীর টিকটক, ভিডিও ভাইরাল
এলাকার বাসিন্দারা জানান, ইউপি সদস্য রাশেদুল হক ছোটখাটো নানা বিষয়ে যখন যাকে খুশি মারধর করে থাকেন। গত শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে বিকেবাড়ি এলাকার একটি মাঠে এক যুবককে তিনি ধরে নিয়ে আসেন। পরে তাকে চুরি করার অভিযোগ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। সেই মারধর করার ভিডিও পাশ থেকে এক যুবক করেন। এ অপরাধে ওই যুবককেও লাঠি দিয়ে পেটানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রাশেদুল হক বলেন, আমি একটা চোরের বিচার করছিলাম। সে এখন পর্যন্ত ৭ বার চুরি করেছে আমার কাছে ধরাও পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।