বিমানবন্দর সড়কে কোকাকোলার কাভার্ডভ্যান উল্টে যান চলাচল বিঘ্নিত

August 29, 2022 at 11:09PM
from jagonews24.com | rss Feed
রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় কোমল পানীয় কোকাকোলা ভর্তি একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। এতে করে বনানী-মহাখালীগামী সড়কে বিঘ্নিত হচ্ছে যান চলাচল।
সোমবার (২৯ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, রাত ৮টা ১০ মিনিটের দিকে টঙ্গী থেকে আসা কাভার্ডভ্যানটি রাজধানীর কাওলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টঙ্গী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের একপাশে যানচলাচল সচল রাখার চেষ্টা করছে পুলিশ।

সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে কাজ করে।
উত্তরা বিমানবন্দর ট্রাফিক জোনের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে এক লেনে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আউটগোয়িং লেন সচল রেখে দুই লেনের চলাচল সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ট্রাফিক বিভাগের রেকার দিয়ে কাভার্ডভ্যানটি সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে সম্ভব হয়নি। বড় ভেকু রেকার আনা হচ্ছে। ফায়ার সার্ভিসও এসেছে। খুব অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
টিটি/জেডএইচ/