শ্রীলঙ্কা সংকট: প্রেসিডেন্ট পদে লড়তে চান সাবেক সেনাপ্রধান


July 15, 2022 at 05:43AM
from somoynews.tv | RSS Feed

গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের জন্য তীব্র লড়াই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আগেই নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসাও। সেই তালিকায় এবার নাম লেখালেন সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা।

বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারদের নির্মূল করে সিংহলীদের কাছে বীর খ্যাতি পান ফনসেকা। এরপর রাজনীতিতে নাম লেখান সাবেক এ ফিল্ড মার্শাল। কিন্তু প্রেসিডেন্ট পদে নির্বাচন করে মাহিন্দা রাজাপাকসের কাছে হেরে যান। তবে সংকটকালে আবারও দেশের হাল ধরতে চান তিনি।

কলম্বোভিত্তিক ডেইলি মিরর জানায়, চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে গত সপ্তাহেই রাজপথে নামেন ফনসেকা। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজধানী কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমপিদের একটি অংশ থেকে আমাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হচ্ছে, যাদের মধ্যে (মাহিন্দা রাজাপাকসের দল) এসএলপিপির এমপিদের একটি দলও রয়েছে।’

গত সপ্তাহে জনরোষের মুখে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে পালিয়ে যান গোতাবায়া। বুধবার (১৩ ‍জুলাই) তার পদত্যাগ করার কথা থাকলেও আগের দিন রাতেই (১২ জুলাই) দেশ ছেড়ে সপরিবারে মালদ্বীপে পালিয়ে যান তিনি। মালদ্বীপে আশ্রয় না পেয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) সিঙ্গাপুরে পাড়ি জমান। সিঙ্গাপুরে নেমেই পদত্যাগপত্র পাঠান তিনি।

আরও পড়ুন : অবশেষে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ

গোতাবায়া পদত্যাগ করায় এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। বিরোধীদলীয় নেতা সামাগি জানা বালাওয়েগার (এসজেবি) সাজিথ প্রেমাদাসা আগেই প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। বিরোধী দলীয় নেতাকে নিজের আগ্রহের কথা জানিয়েছেন কি না- প্রশ্ন করা হলে ফনসেকা বলেন, ‘আমার ব্যক্তিগত আলোচনার বিষয়গুলো নেতাকে জানানোর বাধ্যবাধকতা নেই।’

বিক্ষোভ-প্রতিবাদের মুখে গত মে মাসে পদত্যাগ করেন গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া পালানোর পর তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেন গোতাবায়া।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এখন শ্রীলঙ্কার দায়িত্ব মূলত বিক্রমাসিংহের হাতে। দায়িত্ব নেয়ার পরই বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। তবে এর বিরোধিতা করেন সাবেক সেনাপ্রধান ফনসেকা।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় বিক্ষোভের মধ্যেই যুগলের ছবি ভাইরাল

শ্রীলঙ্কার গামপাহা জেলা থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য শরৎ ফনসেকা রাজনীতিতে যোগ দেওয়ার আগে সে দেশের সামরিক বাহিনীর প্রধান ছিলেন। তার নেতৃত্বেই সামরিক বাহিনী সেদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লিবারেশন অব তামিল টাইগার ইলমকে (এলটিটিই) পুরোপুরি পরাস্ত করে, যার মধ্যদিয়ে ২৬ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে।

এক সময় রাজাপাকসে পরিবারের সমর্থক হিসেবে পরিচিত হয়ে ওঠা ফনসেকা তামিল টাইগারবিরোধী যুদ্ধে শ্রীলঙ্কার সেনাদের নেতৃত্ব দিয়ে সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের কাছে বীরের মর্যাদা অর্জন করেন।

২০০৫ সালে মাহিন্দা রাজাপাকসে প্রথমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওই বছর ডিসেম্বরে তিনি শরৎ ফনসেকাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন এবং তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেন।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url