সিলেটে হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প

July 30, 2022 at 12:33AM
from jagonews24.com | rss Feed
সিলেটে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে সিলেট মহানগরীর টুলটিকর (কুশিঘাট) হাজী মোহাম্মদ সফিক হাইস্কুলে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ৩০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা ও ওষুধ দেওয়া হয়। এতে প্রায় ১২ জন চিকিৎসক রোগীদের সেবা দেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী হলেন একটি ইতিহাস। তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। মাটি ও মানুষের টানেই তিনি বারবার প্রিয় মাতৃভূমিতে ছুটে আসতেন। এভাবে করেই তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সিলেট-১ আসনের এমপি ছিলেন। এই অঞ্চলের মানুষের পাশে সবসময়ই ছিলেন। এ স্কুলটি তার স্মৃতিবিজড়িত একটি স্থান। তিনি এ স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
তিনি বলেন, তার নামে গঠিত ‘স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ বন্যাকালীন সময়ের মতোই বন্যা পরবর্তী সময়েও বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করেছে। যা অত্যন্ত প্রশংসনীয়।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সব ধরনের সহযোগিতা করাই সংগঠনের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।
হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
স্মৃতি পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের পরিচালনায় প্রধান বক্তা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মরহুমের নাতি মাহসুন নোমান রশিদ চৌধুরী ও সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ডা. এম.এ আজিজ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলার সম্পাদক মো. আখলাকুল আম্বিয়া, সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন রবিন, স্বাচিপের সিনিয়র সদস্য ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মুজিবুল হক। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমকেআর