যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে যোগ দিলেন তথ্যমন্ত্রী

June 03, 2022 at 11:38PM
from jagonews24.com | rss Feed
শুক্রবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ছিল উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের। সমাবেশে অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসেন। পরে নিজের গাড়িতে বিমানবন্দর থেকে প্রেস ক্লাবের দিকে রওনা হন।
কিন্তু বিকেল সোয়া ৫টার দিকে বন্দরটিলায় যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী গাড়ি। এসময় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। তিনিও ওই যানজটে আটকা পড়েন। এসময় মন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে পড়েন। এ ঘটনা দেখে পুলিশ কর্মকর্তা মিজানুর মন্ত্রীকে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর মন্ত্রী পুলিশ ইন্সপেক্টর মিজানুরের মোটরসাইকেলে চেপে বসেন। এভাবে প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ওই সমাবেশে যোগ দেন তিনি।
এ বিষয়ে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাগো নিউজকে বলেন, আমি অফিস শেষে বাসায় ফিরছিলাম। বন্দরটিলা এলাকায় জ্যামে আটকা পড়ি। এসময় মন্ত্রী মহোদয়ও জ্যামে আটকা পড়েন। তখন তাকে আমার মোটরসাইকেলে করে নিয়ে যাই। বন্দরটিলা থেকে ভেতর পথে বন্দরের এনসিটি গেইট হয়ে সল্টগোলা ক্রসিং দিয়ে বারিক বিল্ডিং হয়ে জামাল খানে সমাবেশস্থলে পৌঁছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। দীর্ঘ পথ মোটসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেওয়ায় দলীয় নেতাকর্মীরা মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।
ইকবাল হোসেন/এমএইচআর