জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪


June 04, 2022 at 06:23AM
from somoynews.tv | RSS Feed

দক্ষিণ জার্মানির বাভারিয়া প্রদেশে আঞ্চলিক যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

পুলিশের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করার জন্য একটি বড় অভিযান শেষ করা হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা যতদূর বলতে পারি, দুর্ঘটনায় পড়া ওই ট্রেন থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনের উল্টে যাওয়া বগিগুলো সরাতে কয়েক দিন সময় লাগতে পারে।’  

ট্রেনটি গারমিশ-পারটেনকিরশেন জেলার আলপাইন স্কি রিসোর্ট থেকে মিউনিখের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেটি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ট্রেনের কয়েকটি বগি উল্টে গাছের ডালপালার সঙ্গে আটকে আছে। 

আরও পড়ুন: কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

দেশটির এয়ার রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র জানান, হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে ছয়টি উদ্ধারকারী হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।  

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের স্বজনদের প্রতি সহানুভূতি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।  

স্থানীয় সময় শনিবার (৪ জুন) দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে জার্মান পরিবহনমন্ত্রী ভলকার উইসিংয়ের। উদ্ধারকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।  

তিনি ডয়চে ভেলে’কে বলেন, ‘দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে আমাদের বিশেষজ্ঞরা তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন।’  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url