নাট খোলে বায়েজিদ, ভিডিও করে কায়সার

June 29, 2022 at 06:11AM
from somoynews.tv | RSS Feed
স্বপ্নের পদ্মা সেতুতে নাট-বল্টু খোলার ভাইরাল ভিডিওর পেছনের মানুষটিকে খুঁজছে পুলিশ। ক্যামেরার পেছনে থেকে ভিডিওর কারিগর হলেন কাতার প্রবাসী কায়সার।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম (মাসুদ) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বায়েজিদ তালহার গাড়ি জব্দ করা হয়েছে। এমনকি কায়সার যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য অভিবাসন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
এদিকে রেজাউল মাসুদ সংবাদ মাধ্যমকে জানান, সোমবার (২৭ জুন) রাতে বায়েজিদ তালহাদের শান্তিনগরের বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। যেটি বায়েজিদের নামে নিবন্ধন করা রয়েছে।
পদ্মা সেতুর নাট খোলার প্রসঙ্গে বায়েজিদ এখনও মুখ খোলেননি বলেও জানান তিনি। বায়েজিদের সঙ্গে তার বন্ধু কায়সার ছিলেন বলে জানতে পেরেছেন তারা।
‘বায়েজিদের বন্ধু কায়সার নাট খোলার ভিডিও ধারণ করেন এবং তারা উভয়েই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অ্যাকাউন্টে সেই ভিডিও প্রকাশ করেন।’
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের নির্মাণ শ্রমিক মো. আলাউদ্দিন মৃধার ছোট ছেলে মো. বায়েজিদ।
আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খোলা কে এই যুবক?
পরিবার সূত্রে জানা গেছে, বায়েজিদ স্থানীয় গাবুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পটুয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। উচ্চতর শিক্ষা জীবন নিশ্চিতের লক্ষ্যে ঢাকা কলেজে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন ধর্মীয় উৎসবে গ্রামের বাড়ি আসলেও দুই একদিন থেকে আবারও ঢাকায় ফিরে যেতেন বায়েজিদ।
এদিকে পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার (২৭ জুন) আসামি বায়েজিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত।
এর আগে রোববার (২৬ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক বানানো বায়েজিদ তালহাকে রাজধানীর শান্তিনগর থেকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তার বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
আরও পড়ুন: পদ্মা সেতুর নাট খোলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে
আটকের পর সোমবার (২৭ জুন) রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর নাট হাত দিয়ে খোলা হয়নি। তিনি বলেন, আমরা এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত যুবক বায়েজিদ তালহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেনো তিনি পদ্মা সেতুর নাট খুললেন তা জানার চেষ্টা চলছে।
আটক বায়েজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে অনেক দিন ধরে পটুয়াখালীতে থাকেন না তিনি। বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন তারা।
বায়েজিদের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন গণমাধ্যমকে জানান, বায়েজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে তিনি অনেকদিন ধরে এলাকায় থাকেন না। এখন ঢাকায় রাজনীতি করেন কি না তা জানি না। স্বেচ্ছাসেবক দলের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে বায়েজিদ মিছিল-মিটিংয়ে অংশ নিতেন। তবে কোনো পদে ছিলেন না।
আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক আটক
উল্লেখ্য, কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো সেতুর রেলিংয়ের নাট খোলার ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।
নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’
ভিডিওটি বায়েজিদের টিকটক অ্যাকউন্টে আপলোড করার পর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। তবে রোববার বিকেলে এই অ্যাকাউন্টে ‘প্রাইভেট’ করা অবস্থায় দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে তার শাস্তি দাবি করেন অনেকেই।