রহমতগঞ্জকে গোল বন্যায় ভাসাল মোহামেডান


April 09, 2022 at 05:54AM
from somoynews.tv | RSS Feed

বিপিএল ফুটবলে শুক্রবার (৮ এপ্রিল) সুলেমান দিয়াবাতের নৈপুণ্যে রহমতগঞ্জকে গোল বন্যায় ভাসিয়েছে মোহামেডান। ম্যাচটি তারা জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে, ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে চট্টগ্রাম আবাহনী।

মাঝারি মানের দল নিয়ে মৌসুমটা খুব বেশি ভালো কাটছিল না মোহামেডানের। ভালো মানের ফরোয়ার্ড না থাকায় ধারাবাহিক সাফল্য পাচ্ছিল না সাদা-কালোরা। শেষ ম্যাচেও পুলিশের সঙ্গে পয়েন্ট হারিয়েছে শন লেনের দল।

সিলেট জেলা স্টেডিয়ামে, জয়ে ফিরতে মরিয়া হয়েছিল মোহামেডান। প্রতিপক্ষ রহমতগঞ্জও নিজেদের সেভাবে জানান দিতে পারছে না। টানা তিন ম্যাচ জয়হীন ঢাকার ক্লাব ফুটবলের জায়ান্ট কিলাররা।

আরও পড়ুন: এমবাপ্পেকে ধরে রাখতে বড় অংকের প্রস্তাব পিএসজির

চায়ের রাজ্যে দু’দলেরই লক্ষ্য এক, শুধুই জয়। শুরু থেকেই রহমতগঞ্জকে চাপে রাখে মোহামেডান। ৩৩ মিনিটে বক্সে জটলার ভেতর থেকে গোল করে দলকে প্রথম গোল উপহার দেন সুলেমান দিয়াবাতে। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরহাদ মোনা। দুই গোলে পিছিয়ে পড়া রহমতগঞ্জ ছন্দে ফেরে প্রথমার্ধের যোগ করা সময়ে। গোল করেন ফিলিপ আজাহ। রহমতগঞ্জের স্বস্তি বলতে ম্যাচে ছিল ওইটুকুই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান অস্ট্রেলিয়ান অ্যারন রেয়ারডন। ৫১ মিনিটে সিলেটে আরও একবার ঝলক দেখান দিয়াবাতে। মালির এই ফুটবলার নিজে গোল করেছেন সতীর্থদের দিয়েও করিয়েছেন। ৭০ মিনিটে মোহামেডানকে শেষ গোলটি উপহার দেন জাফর ইকবাল। আর তাতেই এ মৌসুমে নিজেদের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

আরেক ম্যাচে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে, মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা ও সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ বিকেলে দু’দলই গোলের জন্য লড়াই করেছে শুরু থেকেই। মুক্তিযোদ্ধার হয়ে ৯ মিনিটেই গোলের শুরু করেন তেতসুয়াকি মিসুয়া। ২১ মিনিটে সমতা আনেন সাজ্জাদ হোসেন শাকিল। গোলের আনন্দ ৬ মিনিট স্থায়ী হয় সাইফ শিবিরে। ২৭ মিনিটে আবারও তাদের হতাশ করেন দিদারুল আলম।

আরও পড়ুন: উয়েফার নতুন কৌশলে বিপাকে রিয়াল, পিএসজির মতো জায়ান্টরা

নাটকীয় ম্যাচে, ৩১ মিনিটে আবারো সমতা টানেন রিয়াদুল হাসান রাফি। ২-২ গোলে এগোয় লড়াই। ৩৫ মিনিটে আমিনুর রহমান সজিবের গোলে জয়ের স্বপ্ন বোনে মুক্তিযোদ্ধা। তবে, শেষ পর্যন্ত স্বপ্নটা আলোর মুখ দেখেনি। ৬৩ মিনিটে এমফন উদোহ'র গোলে হার এড়ায় সাইফ। ৩-৩ গোলের ড্র'য়ে শেষ হয় ম্যাচ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url