‘যাকাত ফান্ড শক্তিশালী হলে দারিদ্র্য বিমোচন সহজ হবে’

April 21, 2022 at 04:52AM
from somoynews.tv | RSS Feed
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যাকাত ফান্ডকে শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে। যাকাত ব্যবস্থাপনাকে অধিকতর শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইসলামিক ফাউন্ডেশনসহ যাকাত ফান্ড সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে যাকাত ফান্ড কার্যক্রম অধিকতর শক্তিশালী হবে।
বুধবার (২০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররমে ‘সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সন্ত্রাস জঙ্গিবাদ মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, কোনো ধর্মই মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করে না। দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে কতিপয় গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই সবার আগে মানুষকে ভালোবাসতে হবে।
আরও পড়ুন: এক টেবিলে ইফতার করেও কথা বলেননি আইভী-শামীম
প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।
এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।