বিশেষ পরিস্থিতি ছাড়া সুদ মওকুফ করা যাবে না

April 22, 2022 at 05:12AM
from somoynews.tv | RSS Feed
বিশেষ পরিস্থিতি ছাড়াই ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের সুদ প্রায়ই মওকুফ করে দিচ্ছে। এতে উদ্বিগ্ন হয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, বন্ধ প্রতিষ্ঠান বা মালিক মারা গেলেই কেবল সুদ মওকুফ করা যাবে। জাল জালিয়াতির ঋণের সুদ মওকুফ করা যাবে না।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সুদ মওকুফ বন্ধের নির্দেশনা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ঢালাওভাবে সুদ মওকুফ সুবিধা পাওয়ার লক্ষ্যে, গ্রাহকদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধে অনাগ্রহ সৃষ্টি হতে পারে। যা ব্যাংকিং খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার পরিপন্থী।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ব্যাংকগুলো সুদ মওকুফ করতে পারে। সেগুলো হল- ঋণগ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, মড়ক, নদীভাঙন, দুর্দশাজনিত কারণে বা বন্ধ প্রকল্পের ব্যাংকঋণের সুদের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ মওকুফ করে দিতে পারে। তবে সম্প্রতি দেখা গেছে, বিশেষ পরিস্থিতি ছাড়া ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের সুদ প্রায়ই মওকুফ করে দিচ্ছে।
আরও পড়ুন: রফতানি তহবিল ঋণে মিলবে অতিরিক্ত সুদ
ব্যাংকের পাওনা পরিশোধে নির্ধারিত সময়ে মধ্যে গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামগ্রিক ঋণ শৃঙ্খলা বজায় রাখা ও গ্রাহকস্বার্থ সংরক্ষণে ব্যাংক খাতে ঋণের (ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে বিনিয়োগ) আরোপিত, অনারোপিতসহ সব ধরনের সুদ (ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে মুনাফা) মওকুফের ক্ষেত্রে নতুন নির্দেশনা মেনে চলতে হবে। এটি আগের সুদ মওকুফ সুবিধা নেওয়া গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
নতুন নিয়মে মূল ঋণ (আসল) মওকুফ করা যাবে না। সেই সঙ্গে জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণের সুদ বা ব্যাংকের আয় বিকলন করে সুদ মওকুফ করা যাবে না। ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক ঋণের সুদ মওকুফ সুবিধা অনুমোদিত হতে হবে।
আরও পড়ুন: এপিএ করছে না বাংলাদেশ ব্যাংক-বিএসইসি
এদিকে ১০ লাখ টাকা পর্যন্ত মূল ঋণের সুদ মওকুফের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর অর্পণ করা যাবে এবং সুদ মওকুফের ক্ষেত্রে ব্যাংকের তহবিল ব্যয় আদায় নিশ্চিত করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক তহবিল ব্যয় আদায়সংক্রান্ত শর্ত কোন কোন ক্ষেত্রে শিথিল করা যেতে পারে, তা নির্দিষ্ট করে দিয়েছে। এর মধ্যে রয়েছে তিন বছর ধরে বন্ধ রয়েছে এমন প্রকল্প, ঋণের জামানত, সহজামানত, প্রকল্প সম্পত্তি ও প্রকল্প উদ্যোক্তাদের ব্যক্তিগত সম্পদ বিক্রি থেকেও তহবিল ব্যয় আদায় করা সম্ভব না হলে পাওনা আদায়ের লক্ষ্যে আইনগত ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরও পাওনা আদায় করা না গেলে এবং ঋণগ্রহীতার মৃত্যু অথবা প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, মড়ক, নদীভাঙন বা দুর্দশাজনিত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা যৌক্তিক কারণে ঋণ পরিশোধে অপারগ হলে।