বুস্টার ডোজের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্তির উপায়

April 25, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed
করোনা থেকে বাঁচার একমাত্র উপায় ভ্যাকসিন। কিন্তু ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ভীত অনেকে। টিকা নেওয়ার পর মূলত জ্বর ও হাতে প্রচণ্ড ব্য়থা হয়। কিছু ক্ষেত্রে সারা শরীর জুড়েও ব্যথা বোধ হয়। যা স্থায়ী হয় ৪৮ ঘণ্টা। এই দুই দিন শুয়ে থাকার ইচ্ছা হলেও যেন উপায় নেই। অফিসের কাজের সঙ্গে থাকে বাড়ির কাজ। তাই পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সামান্য মুক্তি পেতে রইল কিছু উপায়।
করোনার টিকা নেওয়ার পর (বিশেষ করে বুস্টার ডোজ) যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা হলো, জ্বর, গা ব্যথা সঙ্গে ক্লান্তি। বমি বমি ভাব। এসব ক্ষেত্রে ভয় পাবার কিছু নেই। যা খুবই সাধারণ বিষয়। দুই থেকে তিন দিনের ভেতরেই সেরে যাবে এসব সমস্যা। তারপরও যদি খারাপ অনুভব হয় তাহলে কিছু পরামর্শে মেনে চললে তা থেকে রেহাই পেতে পারেন।
তাই টিকা নেওয়ার আগেই জেনে নিন, এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর থেকে রেহাই পাবেন কীভাবে?
ব্যথা কমবে যেভাবে:
টিকা নেওয়ার পর হাত ফুলে যাচ্ছে। হচ্ছে প্রচণ্ড ব্যথা। হাত তোলা যাচ্ছে না। সামান্য গুঁতো লাগলে প্রাণ বেরিয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই। এটিকে কোভিড আর্ম বলা হয়। ব্যথা কমাতে পেনকিলার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের পরামর্শ, নিজের থেকে কমতে দিন ব্যথা। তবে আরাম পেতে বরফ দেওয়া যেতে পারে। ধীরে ধীরে হাতের ব্যায়াম করুন। কিছু সহজ স্ট্রেচিংয়ের ব্যায়াম করতে পারেন। এতে ব্যথা অনেকটা কম বোধ হবে।
জ্বর হলে যা করবেন:
টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়ার পরই জ্বর আসতে পারে। তবে অনেকের ক্ষেত্রেই প্রথম দুই ডোজে তেমন কিছুই হয়নি। কিন্তু বুস্টার ডোজ নেওয়ার পরই নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। চিকিৎসকরা বলছে, শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকলে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠলে দরকারে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। জলপট্টি দিয়েও কমানো যেতে পারে জ্বর। তবে ২ দিনের বেশি জ্বর থাকলে, বা কাঁপুনি দিয়ে বারবার জ্বর এলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
দুর্বলতা বা ক্লান্তিভাব কমাতে:
টিকা নেওয়ার পর সাধারণ খাওয়া-দাওয়ায় কোনো নিষেধাজ্ঞা থাকে না। খুব তেল-মশলা দেওয়া রান্না বা প্রসেস্ড ফুড টিকা নেওয়ার পর কয়েকদিন না খাওয়াই ভালো। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। উষ্ণ গরম পানীয় ও স্যুপ খেতে পারেন। সাথে ফলের রস, ডাবের পানি, ফল-সবজির শরবত খেতে পারেন। যা শরীরে দুর্বলতা বা ক্লান্তি দূর করবে।
বমিভাব কমাতে:
প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তারপরেও বমি-বমি ভাব লাগলে লেবু-পানি, আদা চা খাওয়া যেতে পারে। তাতে স্বস্তি পাওয়া যাবে। এছাড়া দইয়ের ঘোল, ফলের রস, ডাবের পানি মতো পানীয় বেশি বেশি খেতে হবে। যা শরীরে অ্যানার্জি বৃদ্ধি করে ক্লান্তি ও বমিভাব কমাবে।
গা-হাতের ব্যথা কমাতে:
টিকা নেওয়ার পরদিন বিশ্রামে থাকাই ভালো। বিশ্রাম পেলে ক্লান্তিভাব কাটার পাশাপাশি গা-হাতের ব্যথাও অনেকটা কমে যাবে। এছাড়া গরম পানিতে লবণ মিশিয়ে গোসল করলে আরাম পেতে পারেন। তবে নিয়মিত যোগব্যায়াম বা হালকা ব্যায়ামে মিলতে পারে উপকার।
সূত্র: সংবাদ প্রতিদিন