সালাহর হ্যাঁও নেই, নাও নেই
April 10, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed
আগামী বছরের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর। গুঞ্জন আছে ক্লাব ছাড়তে পারেন তিনি। আবার কেউ কেউ বলছেন অতি শিগগিরই অল রেডদের সঙ্গে সমঝোতায় আসবেন তিনি। কিন্তু সালাহ নিজে চুক্তির ব্যাপারে হ্যাঁও বলছেন না, নাও বলছেন না।
রোববার (৯ এপ্রিল) এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। ম্যানচেস্টারের ইতিহাদে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৯টায়। এ ম্যাচের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘সত্যিকার অর্থে আমি কী বলব? অনেক বিষয় আছে যেগুলো মানুষ জানে না। আমি স্বার্থপর হতে পারব না এবং এ ব্যাপারে (চুক্তির) কিছু বলতেও পারব না।’
সিটিজেনদের বিপক্ষে খেলা বিধায় বড় পরীক্ষা লিভারপুলের সামনে। লিগ জেতার দৌড়েও পেপ গার্দিওলার শিষ্যদের ঘারে নিঃশ্বাস ফেলছে সালাহ বাহিনী। এমন কঠিন পরিস্থিতিতে তাই মুখ খুলতে নারাজ সালাহ। এ সম্পর্কে তিনি বলেন, ‘দলের ব্যাপারে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপে আছি। তাই আমি শুধু দলের ব্যাপারেই কথা বলতে পারব। আমাদের নজর সামনে কী আসছে এবং কী আসতে পারে। এগুলোই আমি বলতে পারব। পাশাপাশি আশাবাদী হতে পারি, দেখি কী ঘটতে চলেছে।’
গত মাসের শুরুর দিকে গোল ডট কমের এক প্রতিবেদনে জানা যায়, লিভারপুলের কাছ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও কেভিন ডি ব্রুইনের সমপর্যায়ের বেতন চান সালাহ। বেতন না বাড়লে নতুন ঠিকানার খোঁজ করতে পারেন তিনি। এ বিষয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও নিরুপায়। প্রিয় শিষ্য ক্লাব ছেড়ে যদি চলেও যান, তবুও কিছু করার থাকবে না বলে জানিয়েছিলেন জার্মান কোচ।
আরও পড়ুন: ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মোহামেদ সালাহ। গোল কিংবা অ্যাসিস্ট, দারুণ পারফর্ম করে লিভারপুলকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন তারকা এ ফরোয়ার্ড। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর প্রায় পাঁচ বছরে ইংলিশ ক্লাবটির হয়ে ১৫৩ গোল করেছেন। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল সর্বসাকুল্যে করতে পেরেছে ৭৭ গোল। তার মধ্যে ৩০টি গোলেই অবদান সালাহর।
আরও পড়ুন: ছেলের পোশাক নিয়ে সমালোচনা, ক্ষেপেছেন রোনালদো
এত কিছুর পরেও লিভারপুলের হয়ে তার ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে। বর্তমান চুক্তির আরও প্রায় ১৫ মাস বাকি থাকলেও এখনো নতুন চুক্তিতে সই করেননি তিনি। বহুদিন ধরেই ২৯ বছর বয়সী সালাহর সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ডের ফুটবল ক্লাবটি। তবে এখনও সেই ক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায়নি। তাই স্বাভাবিকভাবেই সালাহর ভবিষ্যৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে।