পর্দা নামলো কলকাতা বইমেলার


March 14, 2022 at 12:44AM
from jagonews24.com | rss Feed

পর্দা নামলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলার।

ভারাক্রান্ত হৃদয়ে রোববার (১৩ মার্চ) ৪৫তম এ বইমেলাকে বিদায় জানালেন বইপ্রেমীরা। মেলায় শেষদিনে ছিল উপচেপড়ে ভিড়। প্রতিটি বইপ্রেমী মানুষ আগামী বছরের অপেক্ষায় এ বছরের মতো চোখ বুলিয়ে নিচ্ছি বিভিন্ন বইয়ে। কেউ কিনছেন সাহিত্য, কেউবা কবিতার বই। আবার কেউ কিনছেন গানের বই, কেউবা বিভিন্ন খাবারের রন্ধনশৈলীর বই।

করোনার কারণে গত দুবছর বইমেলা বন্ধ ছিল। তাই এবার প্রথম থেকেই মেলায় চোখে পড়ার মতো ভিড় ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, ঘণ্টা বাজিয়ে যে বইমেলার উদ্বোধন হয়েছিল আজ তা শেষ হলো। এবার বইমেলার থিম কান্ট্রি ছিল ‘বাংলাদেশ’। এ কারণেই বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশিসহ পশ্চিমবঙ্গবাসী অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড় করেছেন। চোখ বুলিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বইয়ে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের বইয়ের স্টল ছিল এবারের বইমেলায়। যুদ্ধের দামামা বাজানো রাশিয়াও ছিল, যদিও সব থেকে ভিড় দেখা গেছে বাংলাদেশ প্যাভিলিয়নে। বিশেষ করে বাংলাদেশের বইয়ের ওপর মানুষের চাহিদা ছিল অনেক বেশি। বাংলাদেশের অনেক প্রকাশনী এবার বইমেলায় অংশ নিয়েছিল। বর্তমানে ডিজিটাল যুগেও বইয়ের চাহিদা যে একটুও কমেনি তা প্রমাণ করে এ বইমেলা। এ মুহূর্তে সবার হাতেই রয়েছে স্মার্টফোন, কিন্তু তা সত্ত্বেও বইয়ের চাহিদা রয়েছে সমান তালে। মেলায় বইপ্রেমীদের কাছে স্মার্টফোন থাকলেও তাদের বক্তব্য স্মার্টফোনে বইপড়া ও বই থেকে বই পড়ার মধ্যে পার্থক্য অনেকটাই।

নতুন প্রজন্মের মতে, বইয়ের গন্ধ নিয়ে বই পড়ার মজাই আলাদা। এছাড়া নতুন বই প্রকাশনা না হলে বর্তমানের উন্নত ছাপাখানাগুলোর ওপর প্রভাব পড়বে অনেকটাই। তাই কাগজের বই এবং ডিজিটাল বই দুটো দুই ধরনের।

মেলায় আসা এক কিশোরী বলেন, বইয়ের মর্যাদাকে কেউই কোনোদিন খর্ব করতে পারবে না । এক প্রবীণ বইপ্রেমী বলেন, ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই বই হচ্ছে অমূল্য সম্পদ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধান নগর করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url