মঙ্গলবার থেকে টিসিবির ট্রাকে মিলবে খেজুর
March 21, 2022 at 10:59PM
from jagonews24.com | rss Feed
প্রতি কেজি ৮০ টাকা দরে মঙ্গলবার (২২ মার্চ) থেকে টিসিবির ট্রাকে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় খেজুর বিক্রি শুরু হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত কিনতে পারবেন। এছাড়া আগের চার পণ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজের সঙ্গে আজ (সোমবার) ৫০ টাকা দরে ছোলা বিক্রি শুরু হয়েছে।
জানা গেছে, একজন ক্রেতা দুই কেজি করে তেল, চিনি, ডাল এবং চার কেজি ছোলা ও পেঁয়াজ কিনতে পারবেন। আর চলমান নবম ট্রাকসেল কার্যক্রমে রমজান উপলক্ষে নতুন করে খেজুর যুক্ত হচ্ছে।
এর আগে গত ৫ মার্চ নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এখন টিসিবিতে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা দরে ৪ কেজি ছোলা এবং ৩০ টাকা দরে ৪ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। রাজধানীতে সোমবার ১৩৭টি ট্রাকসেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি হয়।
খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন তেল ১৭০ থেকে ১৮০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ১১০ থেকে ১৩৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি করা হয়। সেজন্য এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে টিসিবির ট্রাকে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ।
অন্যদিকে, রাজধানীর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রথম কিস্তি চলবে ২০-৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি চলবে ৩-২০ এপ্রিল।
এনএইচ/এমআরআর