দুই মুক্তিযোদ্ধার চামড়া তুলে পুলিশে দেওয়ার হুমকি এমপির!
March 17, 2022 at 05:10AM
from somoynews.tv | RSS Feed
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও আবুল বাসার নামে দুই মুক্তিযোদ্ধার চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন। প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধাদের পুলিশ দেওয়ার হুমকিও দেন তিনি।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল হকের অফিসে এ ঘটনা ঘটে। স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমন আচরণে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনায় বসেন ইউএনও মাহাবুবুল হক।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাজান আলী, ফিল কমান্ডার আব্দুস ছাত্তার, আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, যোদ্ধাহত ইলিয়াস উদ্দিন, যোদ্ধাহত আলাউদ্দিন, মোর্শেদ আলী, আবুল বাসার, আব্দুর রবসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।
আলোচনা সভা শেষ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এ সময় তিনি মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও আবুল বাসারকে উল্লেখ করে বলেন, ‘ওরা কই, ওদের চামড়া তুলে দেব। ওরা আমার আসল রূপ এখনো দেখেনি। মুছা কমিটিতে নাম দিয়েছে বলে গা গরম হয়ে গেছে ওদের।’
আরও পড়ুন: এমপির হুমকি, বিশ্ববিদ্যালয় শিক্ষকের জিডি
বিষয়টির সত্যতা জানতে ওই অনুষ্ঠানে উপস্থিত ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শাহজাহান আলীর সঙ্গে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, ইউএনওর মিটিং শেষ হওয়ার পরপরই ওই মিটিংয়ে উপস্থিত হন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন। এসেই তিনি মুক্তিযোদ্ধা কাদের ও বাশারের চামড়া তুলে নেবে বলে হুংকার দেন। তখনই মুক্তিযোদ্ধা কাদের প্রতিবাদ জানিয়ে এমপিকে বলেন, ‘আমরা কী করেছি এমপি মহোদয়। আমাদের দোষ কী? প্রত্যুত্তরে এমপি বলেন, মুছা মাহমুদ (উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) তোমাদের মুক্তিযোদ্ধা কমিটি পাস করে এনেছে বলে খুব সাহস বেড়ে গেছে। মেরে সব টানটান করে দেব! আমার বাইরের রূপ দেখেছো, ভেতরের রূপ দেখনি। এরপর প্রতিবাদ করলে পুলিশে দেওয়ারও হুমকি দেন তিনি।’
মুক্তিযোদ্ধা শাহজাহান আলী আরও বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ আমাদের (মুক্তিযোদ্ধা) চামড়া তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ জন্য প্রতিবাদস্বরূপ আমরা সব মুক্তিযোদ্ধা সিদ্ধান্ত নিয়েছি এমপি মহোদয়ের কোনো অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপস্থিত হব না। এমনকি আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, আন্দোলন এবং সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন: মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকি
লাঞ্ছিত মুক্তিযোদ্ধা আব্দুল বাশার বলেন, ‘২০১৭ সালে যাচাই-বাছাইয়ে ৫৩ জন মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যায়। সেই তালিকা থেকে কয়েকজনের নামে প্রস্তাব পাঠিয়ে মন্ত্রণালয় থেকে ২০১৯ সালের গেজেটভুক্ত করান এমপি নাসির উদ্দীন। এতে ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়। এ নিয়ে তারা প্রতিবাদও করেন। এ ছাড়া এমপি নাসির উদ্দীন বিতর্কিত মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত লিয়াকত হোসেনকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার করার পাঁয়তারা করে আসছিলেন। সংসদের এসব কর্মকাণ্ড আমি ও মুক্তিযোদ্ধা কাদের প্রতিবাদ করায় আমাদের ওপর তার ক্ষোভ সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই মঙ্গলবার আমাদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।’
তবে মুক্তিযোদ্ধাদের চামড়া তুলে নেওয়ার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর হক।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা বিষয়টি অতিরঞ্জিতভাবে বলছেন। এমপি মহোদয় কিছুটা রাগতস্বরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন। তবে চামড়া তুলে নেওয়ার কথা বলেননি। স্যার অপপ্রচারে রাগান্বিত। তিনি আইসিটি অ্যাক্টে মামলা করবেন বলে জানিয়েছেন।’
এ বিষয়ে ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।