‘চালকরা বিধিনিষেধ মানছে না বলেই নৌ দুর্ঘটনা ঘটছে’
March 30, 2022 at 05:28AM
from somoynews.tv | RSS Feed
নদী পথে নৌযান চালকরা সরকারি বিধিনিষেধ ও নিয়ম শৃঙ্খলা মানছে না, যে কারণে নৌ পথে দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় কর্ণফুলী শিপ বিল্ডার্সে বিআইডব্লিউটিএ’র জন্য চারটি ‘কাটার সাকশান ড্রেজার’ এবং মোংলা বন্দরের জন্য একটি ‘বয়া লিফটিং জাহাজ’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: যে কারণে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে বার বার দুর্ঘটনা
এ সময় প্রতিমন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা রোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণসহ চালকদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। বিধিনিষেধ মেনে চলতে তাদের বার বার তাগিদও দেওয়া হচ্ছে। তারপরেও নৌ যান চালকরা তা অমান্য করায় দুর্ঘটনা ঘটে চলছে। নৌ দুর্ঘটনা রোধ করতে হলে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। নৌ পথে সরকারি সকল নির্দেশনা ও নিয়ম শৃঙ্খলা মেনে চলতে নৌ যান চালকদের প্রতি কঠোর নির্দেশসহ মালিকদেরও সতর্ক হওয়ার আহবান জানান তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী আরও জানান, নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার ১০০ বছর মেয়াদি নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। নদীর নাব্যতা ও গতিপথ ঠিক রাখতে সারা দেশেই খনন কাজ চলছে। নদী দখলমুক্ত করতে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে যথা সময়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ
উদ্বোধন শেষে নৌ-প্রতিমন্ত্রী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করে নির্মাণ কাজ সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এবং কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রশিদ প্রমুখ।