মুক্তিযুদ্ধে শিশু-কিশোরের ভূমিকা ছিল অসাধারণ: মোরশেদুল ইসলাম
March 28, 2022 at 05:28AM
from somoynews.tv | RSS Feed
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধে শিশু-কিশোরের ভূমিকা ছিল অসাধারণ। তাদের কথা চিন্তা করেই মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র তৈরি করেছি। ছোটদের জন্য ছবি নির্মাণ করেছি।
রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরশেদুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল অসাম্প্রদায়িক চেতনা। সেদিন কোনো জাতপাত ছিল না। মনে হয়েছিল, আমরা বাঙালিদের জন্য একটি দেশ গঠন করব, যেখানে কোনো বিভেদ থাকবে না।
তিনি বলেন, আমার তৈরিকৃত হুমায়ুন আহম্মেদের গল্প থেকে ‘অনিল বাকচীর একদিন’ চলচ্চিত্রটিতে এটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের সবারই কিন্তু উচিৎ অনেক বেশি করে অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরা।
আরও পড়ুন: পাকিস্তানের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রাজনীতি করছে: কামরুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারুক আহাম্মদ উল্লা খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি লুৎফুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ফাহমিদা আক্তার।
অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি, নাচসহ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাকচীর একদিন’ প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে গত ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রচনা, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন: যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের চোখ খারাপ: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।