একযুগ পর হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানি


March 13, 2022 at 01:10AM
from jagonews24.com | rss Feed

দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে।

শনিবার (১২ মার্চ) ভারত থেকে পাটবীজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। হিলির আজিজুল ইসলাম রেন্টু নামে এক ব্যক্তি এ বীজ আমদানি করেন।

প্রথমদিন ভারতীয় ৬ ট্রাকে ১২৬ মেট্টিক টন পাটবীজ আমদানি হয়েছে বলে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

পাটবীজ আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বলেন, দেশের চাহিদা মোতাবেক ভারত থেকে বিভিন্ন বীজ আমদানি করে থাকি। তবে দীর্ঘ সময় ধরে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিলো। সর্বশেষ ২০০৮ সালের পর আর এ বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘ এ সময় বন্ধের পর দেশে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আজ আবারও পাটবীজ আমদানি শুরু করেছি। আমদানি করা এসব পাটবীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খাঁন বলেন, দীর্ঘ দিন পর এ বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়েছে। আমদানি করা এসব পাটবীজ বন্দরের শেডে রাখা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে আমদানিকারককে হস্তান্তর করা হবে। শুল্ক ছাড়াই এ পাটবীজ আমদানি হচ্ছে।

মো. মাহাবুর রহমান/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url