বিয়ের দাবিতে টানা ১০ দিনের অনশনে মিলল বর
February 17, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed
পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে টানা ১০ দিনের অনশন শেষে প্রেমিকের সঙ্গেই বিয়ে সম্পন্ন হলো অবস্থানরত প্রেমিকার।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুরাদিয়া গ্রামের অনিল সরকারের বাড়িতে তার ছেলে প্রেমিক অসিম সরকারের (২৬) সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের মেয়ে মুক্তা রানীর (২২) বিয়ে সম্পন্ন হয়।
উভয় পরিবার ও স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাস্ত্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিয়ে হয়।
অনুষ্ঠানে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার, ইউপি সদস্য মোসা. জান্নাতুল ফেরদৌসীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রেমের বিয়ের পর আবার প্রেম, বিয়ের দাবিতে ধরনা
গত ৭ ফেব্রুয়ারি বিকেলে প্রেমিক অসিম সরকারের বাড়িতে এসে প্রেমিকা মুক্তা হালদার বিয়ের দাবিতে অনশন শুরু করেন। মুক্তা রানীর আসার পর থেকেই অসিম সরকার আত্মগোপনে যান এবং তার প্রভাবশালী পরিবার নানাভাবে মুক্তা ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি এবং টাকাপয়সার মাধ্যমে বিয়ে এড়ানোর অপচেষ্টা করে আসছিল। কিন্তু মুক্তা রানী বিয়ের বিষয়ে অনড় থাকায় নানা ব্যর্থ চেষ্টার পর অবশেষে বিয়ের মাধ্যমে সমস্যা নিরসন করতে বাধ্য হয়।
বর অসিম সরকারের বাবা অনিল সরকার বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে ছেলের কর্মস্থল ভোলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পালাল প্রেমিক
কনে মুক্তা রানী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি আমার স্বামীকে নিয়ে আপনাদের আশীর্বাদে সংসার সাজাব। আমি এখন খুশি।’
স্থানীয় ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মেয়েটির বিয়ে হওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি। ওরা সুখে থাকুক।’