প্লাস্টিকের ইট বানিয়ে ইউএনডিপি অ্যাওয়ার্ড পেল গো গ্রীন বাংলাদেশ


January 07, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed

প্লাস্টিকের ইট বানিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) অ্যাওয়ার্ড অর্জন করেছে সামাজিক উদ্যোগ গো গ্রীন বাংলাদেশ। পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উদ্ভাবনের জন্য গো গ্রীন বাংলাদেশকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকার ইমপ্যাক্ট হাবে অনাড়ম্বরপূর্ণ আয়োজনে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় গো গ্রীন বাংলাদেশের সভাপতি ফজলুর রহমান রাজুর হাতে।

প্রতিযোগিতাটির মূল আয়োজক ওয়াইওয়াই ভেঞ্চারস এর ফেসবুকে পেইজে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাপক বাছাই ও পর্যালোচনার পর বর্জ্য ব্যবস্থাপনায় প্রধান তিনটি উদ্যোগকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। প্রকল্প এলাকা টেকনাফে একটি শিক্ষা সফরও রাখা হয় যেখানে সেরা উদ্যোক্তাকে তাদের ব্যবসার আইডিয়া বাস্তবায়নের জন্য তহবিল সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সবশেষে গো গ্রীন বাংলাদেশের উদ্যোগকে সেরা উদ্যোগ হিসেবে নির্বাচন করা হয়।

আরও পড়ুন : পরিবেশ অধিদফতরে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেছে: টিআইবি

এ অ্যাওয়ার্ডের আওতায় গো গ্রীন বাংলাদেশ তাদের ব্যবসার আইডিয়াকে ছড়িয়ে দিতে ১০ হাজার ডলার পুরস্কার পাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে ফজলুর রহমান রাজু সময় নিউজে বলেন, পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করা বাংলাদেশে এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি বলে এটি ব্যবসায়িক দিক দিয়ে বেশ ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে এটি দারুণ সম্ভাবনাময়। ক্ষতিকর প্লাস্টিকের পণ্যের বিকল্প যদি কম দামে মানুষের হাতে পৌঁছায় তাহলে একদিকে যেমন পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে মানুষের অভ্যস্ততা গড়ে উঠবে, অপরদিকে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনমনে সচেতনতা তৈরি হবে।

আরও পড়ুন : ডলফিনের বিলুপ্তি ঠেকাতে সরকারের পদক্ষেপ কি যথেষ্ট?

প্রসঙ্গত, ২০১৮ সালের শুরুতে গো গ্রীন বাংলাদেশের যাত্রা শুরু। প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প নানা পণ্য তৈরি ও প্রচারে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। এবারে বর্জ্য হিসেবে পরিবেশে যাওয়া প্লাস্টিকের সঙ্গে ঝুট কাপড় মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় ইট তৈরির কৌশল উদ্ভাবন করেছে গো গ্রীন।  

রাজু বলেন, এই প্রক্রিয়ায় প্রচলিত পদ্ধতির ইটের চেয়েও কম দামে প্লাস্টিকের ইট তৈরি করা সম্ভব এবং সেটি প্রচলিত ইটের চেয়ে পাঁচগুণ বেশি টেকসই। এতে নির্মাণকাজে যেমন মানুষের খরচ বাড়বে না, তেমনই মারাক্তক পরিবেশ দূষণ ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে।  

আরও পড়ুন : বন্যপ্রাণীর প্রতি কেন এত নৃশংসতা!

বর্জ্য থেকে সম্পদ (Waste 2 Resources) কর্মসূচির আওতায় দেশের উদ্যোক্তাদের খুঁজে বের করা হচ্ছে যারা সামাজিক ব্যবসার মাধ্যমে পরিবেশবান্ধব টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কৌশল খুঁজে বের করার চেষ্টা করছে। পাশপাশি তাদের সেসব উদ্যোগে সহায়তাও করা হচ্ছে। চলতি বছর গো গ্রীন বাংলাদেশের আইডিয়াকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই কর্মসূচিটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, ব্র্যাক এবং গারবেজম্যান যৌথভাবে পরিচালনা করছে।

 

 

 

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url