পাওনা টাকার জন্য যুবককে ‘পিটিয়ে মারলেন’ ইউপি সদস্য
January 14, 2022 at 05:22AM
from somoynews.tv | RSS Feed
লালমনিরহাটে পাওনা টাকা না পেয়ে আনোয়ারুল নামে একটি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নবনির্বাচিত ইউপি সদস্য ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে সড়কে লাশ রেখে অবরোধ ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।
নিহত আনোয়রুল আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের মজিবরের ছেলে। আর অভিযুক্ত মোজাম্মেল হক কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।
স্বজন ও এলাকাবাসী জানায়, আনোয়ারুলের কাছে ৩ হাজার টাকা পেতেন ইউপি সদস্য মোজ্জাম্মেল হক। এ টাকা না পেয়ে গত ৩ জানুয়ারি আনোয়রুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তার লোকজন। পরে তাকে আটকে রেখে তিনদিন ধরে নির্যাতন করা হয়। তার চিৎকারে প্রতিবেশী রোকুনুজ্জামান এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার।
আরও পড়ুন: ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেন ইউপি সদস্য
পরবর্তীতে নিহতের স্বজন তাকে উদ্ধারে গেলে তাদেরও পিটিয়ে তাড়িয়ে দেয় ইউপি সদস্য ও তার লোকজন। কোনো উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন তারা। খবর পেয়ে পুলিশ মোজ্জামেল হকের বাড়ির পাশে একটি ঝুপড়ি ঘর থেকে আনোয়রুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
সেখান থেকে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনার ক্ষোভে ফুসে উঠেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
ময়না তদন্তের পর বৃহস্পতিবার তার লাশ স্বজনরা বাড়িতে নিয়ে আসলে ফুসে উঠে এলাকার মানুষ ও স্বজনরা। তারা বিকেলে লালমনিরহাট-বিড়িমারী মহাসড়ক সংলগ্ন নামড়ি বাজার এলাকার একটি সড়কে আনেয়ারুলের লাশ রেখে অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বি তাপস কুমার ঘটনাস্থলে পৌঁছে আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার আশ্বাস দিলেন অবরোধ তুলে নেয় নিহতের স্বজন ও এলাকাবাসী।
আরও পড়ুন: ‘তথ্য গোপন করে’ সাজাপ্রাপ্ত আসামি হলেন ইউপি সদস্য
এদিকে এ ঘটনায় গত ৬ জানুয়ারি কালীগঞ্জ থানায় ইউপি সদস্য মোজাম্মেল হকসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞত বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।