ওসি প্রদীপের রাষ্ট্রীয় পদক বাতিলের দাবি
January 10, 2022 at 05:33AM
from somoynews.tv | RSS Feed
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার যুক্তি-তর্ক শুরু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এই যুক্তি-তর্ক শুরু হয়।
যুক্তি-তর্ক উপস্থাপনকালে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের রাষ্ট্রীয় পদক বাতিলের দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।
সন্ধ্যায় আদালতে কার্যক্রম শেষে সংবাদমাধ্যমে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, সিনহা হত্যাকাণ্ড পরিকল্পিত এবং রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মাসের মধ্যে মামলার রায়ের ব্যাপারে আশাবাদী তিনি।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি-তর্ক উপস্থাপনের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপনের পর ছয়জন আসামির পক্ষে দুইজন আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করেন। প্রথম দফায় যুক্তি-তর্ক উপস্থাপন চলছে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: সিনহা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন শুরু
আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানান, আসামির পক্ষে আইনজীবীরা নিদোর্ষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেছেন।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে নেওয়া হয় মামলায় অভিযুক্ত ১৫ আসামিকে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা দায়ের করে।
আরও পড়ুন: এবার নিজের করা মামলায় গ্রেফতার বাবুল আক্তার
একই বছরের ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহারিয়ার বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্তভার দেওয়া হয় র্যাবকে। র্যাব ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে।
গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এরপর ৬ ও ৭ ডিসেম্বর আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য গ্রহণ করা হয়। এরপর আজ থেকে শুরু হলো যুক্তি-তর্ক উপস্থাপন।