রাজধানীতে সিঁড়িতে খেলতে গিয়ে প্রাণ গেলো শিশুর
January 26, 2022 at 10:59PM
from jagonews24.com | rss Feed
রাজধানীর হাজারীবাগের বউ বাজার এলাকায় সিঁড়ি থেকে পড়ে মো. রুমান (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জনুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমান হাজারীবাগ জরিনা সিকদার স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, রাতে বাসার তৃতীয় তলার সিঁড়িতে খেলা করছিল রুমান। এ সময় পা পিছলে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার চর মাদ্রাজ গ্রামে। হাজারীবাগের বৌবাজার এলাকার ৩৬/৩ কে/ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তিনি পেশায় গাড়িচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ইএ