রাবি সায়েন্স ক্লাবের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
January 16, 2022 at 10:56PM
from jagonews24.com | rss Feed
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চমবারের মতো ‘বঙ্গবন্ধু আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
ফিয়েস্টার প্রথম দিন দুপুর ১২টায় এর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ বাবুল ইসলাম ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ আবু রেজা।
এবারের ফিয়েস্টায় অফলাইন ও অনলাইনে বিভিন্ন সেগমেন্টের আয়োজন করা হয়। প্রথম দিন অফলাইনে অনুষ্ঠিত হয় প্রজেক্ট শো, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং প্রতিযোগিতা ও রুবিক’স কিউব কম্পিটিশন। আর অনলাইনে অনুষ্ঠিত হয় সায়েন্স অলিম্পিয়াড (জুনিয়র, সিনিয়র ও ভার্সিটি তিনটি ক্যাটাগরিতে), থ্রি মিনিট প্রেজেন্টেশন ও প্রোগ্রামিং কনটেস্ট। প্রোগ্রামিং কনটেস্ট কোলাবরেশনে ছিল রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগ।
ফিয়েস্টার শেষ দিনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও মহাকাশ চিন্তা, পোস্টার প্রেজেন্টেশন (অনলাইন) ও পপুলার সায়েন্স টক (অনলাইন) অনুষ্ঠিত হয়। এসব সেগমেন্টে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।
বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. তারেক নুর, উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক আব্দুল গনি। তারা আরইউএসসি প্রকাশিত প্রথম ম্যাগাজিন ‘রিফ্লেকশন: দ্য ওভারভিউ অব সায়েন্স’ ও স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাবি সায়েন্স ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান ও আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি দ্বীপ অধিকারী। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া বিজয়ীদের এসময় পুরস্কার, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি রাবি সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট মো. ইসতেহার আলি বঙ্গবন্ধু আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২১-এর প্রোগ্রাম পার্টনার আমানা গ্রুপ, পাবলিকেশন পার্টনার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), এডুকেশন পার্টনার মিউ মুন গ্লোবাল, লজিস্টিক পার্টনার সাইমুম ও আইটি পার্টনার র্যাম আইটিকে স্পনসরশিপ করে প্রোগ্রামটিকে সফল করার জন্য ধন্যবাদ জানান।
ফিয়েস্টার মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জাগো এফএম ও জাগোনিউজ২৪.কম।
এআরএ