বিতর্ক দূরে রেখে মাঠে মন দিলেন কোহলি


December 19, 2021 at 05:58AM
from somoynews.tv | RSS Feed

অধিনায়কত্ব নিয়ে গণমাধ্যমে চলছে নানারকম বিতর্ক। রোহিত শর্মার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনও আছে। কিন্তু এসব নিয়ে না ভেবে মাঠের খেলায় মনযোগ দিতে চান বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকায় একদিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। জোহানেসবার্গে ট্রেইনিং সেশনে বেশ হাসিখুশি কোহলিকেই দেখা গেছে।

তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এ প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হারিয়েছেন ভারতের রঙিন পোশাকের অধিনায়কত্ব। যে ইস্যুতে বোর্ডের সঙ্গে অনেকটা মুখোমুখি অবস্থানে দাঁড়াতে হয়েছে।

কিন্তু অনুশীলনের এই চিত্র দেখে কে বলবে, কত ঝড় বইছে বিরাট কোহলির মনে? কে বলবে, চাপে আছে টিম ইন্ডিয়া? নতুন কোচ রাহুল দ্রাবিড় ও সতীর্থদের সঙ্গে হাসিমুখে কোহলি। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে টেস্ট সিরিজের জন্য শুরু করেছেন প্রস্তুতি।

বিদায়ী কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বিরাটের বোঝাপড়া ছিল ভিন্নরকম। গুঞ্জন আছে, শাস্ত্রীর মেয়াদ না বাড়ানোতেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। বোর্ডের অনুরোধ উপেক্ষা করে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের জেরে পরে ওয়ানডে অধিনায়কত্বও হারাতে হয়েছে তাকে।

তবে, আপাতত শুধু টেস্ট ক্যাপ্টেন্সিতেই মনোনিবেশ করতে চান বিরাট। জোহানেসবার্গের ফুটভলি কিংবা ট্রেইনিং সেশন দেখে সেটা বোঝা যায় স্পষ্ট। নিয়মিত সহ-অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে কোহলির ডেপুটি হিসেবে থাকছেন লোকেশ রাহুল।

আরও পড়ুন : পাকিস্তানের জয় উদযাপন: ২ মাস ধরে কারাগারে শিক্ষার্থী, অনাহারে মা

ভারতের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহাম দেসাই বলেন, মুম্বাইয়ে তিনদিনের কঠোর কোয়ারেন্টাইন করেছি। ১০ ঘণ্টার বিমান ভ্রমণের পর এখানে এসে আরও একদিন কোয়ারেন্টাইন। এখনই স্কিল ট্রেইনিং ঝুঁকিপূর্ণ হতো। তাই সবাই রানিং আর স্ট্রেচিংয়ে ঘাম ঝরিয়েছে। এই গেইম সেশনটা বেশ উপযোগী। দলের প্রত্যেকে ফুটভলি খুব পছন্দ করে। অন্য ট্রেইনিং অপশন দিলেও, বারবার এটাই খেলতে চায়। ওরা ফুটভলিতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। এটা দলের মধ্যে আনন্দের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারে ব্যর্থ হয়েছিলেন রাহুল দ্রাবিড়ও। জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথম প্রোটিয়াদের মাটিতে দ্য ওয়াল। তবে ৪ বছর আগে ভারতীয় ‘এ’ দলকে নিয়ে আফ্রিকা সফর করেছিলেন। করুন নায়ারের নেতৃত্বাধীন দলটা এক ম্যাচ জিতেছিল। এবার নানা ইস্যুতে চাপে থাকা বিরাট কোহলির নেতৃত্বে কি সাদা পোশাকে সিরিজ জয়ের স্বাদ পাবেন দ্রাবিড়?

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url