স্ত্রীকে তালাক দিয়ে স্বামীর জিলাপি বিতরণ
December 13, 2021 at 04:54AM
from somoynews.tv | RSS Feed
দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন স্বামী গোলাম মোস্তফা (৪৫)। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিয়ে বন্ধন বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তালক সম্পন্ন করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় কাজীর উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হয়। পরে উপস্থিত মানুষের মাঝে ২ মণ জিলাপি বিতরণ করেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ওই গ্রামের নজির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে মনমালিন্য হলে শুরু হয় দাম্পত্য কলহ। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে দুজনের সম্মতিতে তাদের তালাক হয়েছে।
আরও পড়ুন: ভূমিহীন নয় আসপিয়া, মিলল চাঞ্চল্যকর তথ্য
স্ত্রী আমার অবাধ্য ছিল অভিযোগ করে গোলাম মোস্তফা বলেন, আমার স্ত্রী সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সবসময় ঝগড়া-বিবাদে লিপ্ত হত। দীর্ঘ একযুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে। সেই খুশিতে প্রতিবেশীদের মাঝে দুই মণ জিলাপি বিতরণ করেছি।