‘জয়-পরাজয় নয়, দেশের পতাকা হাতে নেওয়া বড় কথা’
December 08, 2021 at 11:45PM
from jagonews24.com | rss Feed
জয়-পরাজয় বড় কথা নয়, দেশের পতাকা হাতে নেওয়া বড় কথা বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চতুর্থ জাতীয় ফেন্সিং টুর্নামেন্ট-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশে তিনি এই কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যাওয়াটাই বড় কথা। আমি তোমাদের কাছে আশা করি, তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমাদের কাজই হচ্ছে খেলাধুলা আর পড়াশোনা করা। আর আমাদের কাজ হচ্ছে তোমাদের সেবা করা।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধাগুলো দেখা আমাদের কাজ। দেশের ভেতর-বাইরে খেলায় অংশ নিতে যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন সেগুলো সৃষ্টি করে দেওয়ায় আমাদের কাজ। এই সব কাজ প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহের সঙ্গে করে থাকেন। তিনি খেলাধুলার খোঁজ-খবর নেন।
সরকার খেলোয়াড়দের সঙ্গে রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, তোমাদের বয়সে আমরা পরাধীন ছিলাম। নিজেদের দেশে পরবাসী ছিলাম। বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমাদের সাহস ছিল কম, এটা কতো বড় লজ্জার সেটা তোমরা বুঝতে পারবা না। নিজের দেশে বিদেশিদের মতো বাস করতাম। আর এখন তোমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতা উপহার দিয়ে গেছেন, আর শেখ হাসিনা দেশের উন্নয়নের কারিগর বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা অনেক ত্যাগ-শ্রম ও কষ্টের বিনিময়ে এবং অনেক প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা সবাই স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে পৃথিবীর বুকে মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কৃতিত্বের একক দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশের উন্নয়নে স্বাধীনতার ফসল হিসেবে যুবদের প্রতিটি ক্ষেত্রে আমাদের পরিবর্তন আনতে হবে। ইতোমধ্যে অনেক পরিবর্তন এসেছে। সব খেলায় আমাদের ছেলেমেয়েরা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
এমওএস/জেডএইচ/