রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত


December 03, 2021 at 11:36PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. আয়াতুল ইসলাম (২৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রুমেলা খাতুন বলেন, আমার স্বামী আয়াতুল ইসলাম একজন প্রাইভেটকারচালক। কাজ শেষ করে বাইসাইকেল নিয়ে বাসায় ফেরার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি থানার দুবাউরা গ্রামে। বাবার নাম নুর ইসলাম। বর্তমানে তারা সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। তাদের পরিবারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এমআরআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url