ব্যাংক নিয়োগের প্রশ্নফাঁস, আরও দুইজন গ্রেফতার


December 15, 2021 at 12:18AM
from jagonews24.com | rss Feed

সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. জাহাঙ্গীর আলম জাহিদ ও রবিউল ইসলাম ওরফে রবি।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সুমা জানান, এর আগে গ্রেফতার হওয়া সোহেল রানা ও এমদাদুল হক খোকন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে জাহাঙ্গীর আলম জাহিদ ও রবিউল ইসলাম ওরফে রবির জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরই সূত্র ধরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দুইজনের অবস্থান শনাক্ত করে।

সোমবার রাতে তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন আজ (১৪ ডিসেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের অধীনে অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের ১৫১১টি শূন্যপদের নিয়োগ পরীক্ষা গত ৬ নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির নির্দেশনায় আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরীক্ষাটি নেয়। ওই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় গত ১০ নভেম্বর রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা হয়। এরই মধ্যে গোয়েন্দা তেজগাঁও বিভাগ প্রশ্নফাঁস চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

টিটি/এআরএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url