প্রচারণা কমিটি নিয়ে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

December 05, 2021 at 11:47PM
from JUGANTOR

প্রচারণা কমিটি নিয়ে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০
সারাদেশ
পাবনা প্রতিনিধিপাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা কমিটি নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার বিকালে মালঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের জের ধরে সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে আহত সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম, সদস্য আব্দুল রাজ্জাক, মালঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বগা, একতার হোসেন এবং ৮নং ওয়ার্ড মেম্বার আসলাম হোসেনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীর নির্বাচনী কমিটিতে আমজাদ হোসেন বগার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন এবং এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আমজাদ হোসেন বগাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
আমজাদ হোসেন বগা ও মেম্বার আসলাম হোসেন জানান, আসন্ন নিবার্চনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছিল। এ কমিটিতে আমজাদ হোসেন বগার নাম ছিল না। নাম না থাকা নিয়ে তাদের প্রতিপক্ষ নজির হোসেনের সঙ্গে বচসা লাগে। একপর্যায়ে নাজির হোসেনের লোকজন লোকজন তাদের ওপর চড়াও হন। নাজির হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে বলে আমজাদ হোসেন বগা ও মেম্বার আসলাম দাবি করেন।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষ তার কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।