বৃষ্টি: এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাল পুলিশ
December 07, 2021 at 05:50AM
from somoynews.tv | RSS Feed
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে টানা বর্ষণে নাকাল রাজধানীবাসী। এ অবস্থায় বিপাকে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা। কিন্তু তাদের সব দুশ্চিন্তা দূর করে দেয় ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। বৃষ্টির মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেন তারা।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। পদার্থবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে বৃষ্টি মাথায় করেই তাদের ছুটতে হয়েছে কেন্দ্রের দিকে।
বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে বের হলেও সঠিক সময়ে পাওয়া যাচ্ছিল না যানবাহন। তাইতো রাস্তায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় এ শিক্ষার্থীদের। এসময় শিক্ষার্থীদের সহায়তা দিতে এগিয়ে আসে ট্রাফিকের ওয়ারী বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ট্রাফিক) মো. সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, ট্রাফিক ওয়ারী বিভাগের সব এডিসিসহ সব জোনের এসিদের নিজেদের সরকারি গাড়িতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করা হয়।
মো. সাইদুল ইসলাম জানান, সহকারী কমিশনার (ট্রাফিক) ডেমরা জোন শ্যামপুর কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের, সহকারী কমিশনার (ট্রাফিক) যাত্রাবাড়ী জোন দনিয়া কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের, সহকারী কমিশনার ওয়ারী জোন সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের তাদের সরকারি গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন।
সাইদুল বলেন, এসব গাড়িসহ বিভিন্ন স্থানে দায়িত্বরত সার্জেন্টদের মোটরসাইকেলে করে ৫০ জন পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৪৫৭৯, বহিষ্কার ৩
ডেমরা জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার ইমরান হোসেন মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, সকালে দায়িত্ব পালনের সময় লক্ষ্য করেছি যে, শিক্ষার্থীরা গাড়ির অভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। পরীক্ষার সময়ও ঘনিয়ে আসছে। তাই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সোমবার সকালে অনুষ্ঠিত হয় পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা। বিকেলে অনুষ্ঠিত হয় সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, খাদ্য ও পুষ্টি (দ্বিতীয়পত্র) এবং লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা।
মহামারি করোনাভাইরাসের কারণে এক বছর বিরতির পর গত ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষার্থীদের কেবল তিনটি ঐচ্ছিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা দিতে হবে না।
ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।
]]>