যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা


December 22, 2021 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

হামলা চালিয়ে মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করার ঘটনা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক নিরাপত্তা সেবা বিভাগ ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করার প্রেক্ষিতে বিষয়টিকে ঢাকা মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে যোগদান করার পর সাংবাদিকদের বলেন, আমরা এটাকে (পুরষ্কার) আন্তরিকভাবে স্বাগত জানাই... দণ্ডপ্রাপ্ত পলাতকদের ধরার ক্ষেত্রে এটা আমাদের জন্য সহায়ক হবে।

তিনি বলেন, পুরস্কার ঘোষণার মাধ্যমে অনেক দেশে সাজাপ্রাপ্তদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সফল হয়েছে। তিনি আরও বলেন, আমরাও বঙ্গবন্ধুর খুনি সাজাপ্রাপ্ত পলাতকদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রসহ সব দেশেই পলাতক সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছে। তিনি আরও বলেন, তারা তাদের কাজ করছে.... আমরা আমাদের কাজ করছি।

আরও পড়ুন : অভিজিতের খুনিদের তথ্য দিলে ৪৪ কোটি টাকা পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

র‌্যাব কর্মকর্তাদের উপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান যে, যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় কিনা। প্রশ্নটি এড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি একটি মহল মার্কিন আইন প্রণেতাদের কাছে অব্যাহতভাবে মিথ্যা তথ্য প্রদান করছে।

তিনি আরও বলেন, আমাদেরকে এ বিষয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক অভিজিৎ ও বন্যা একুশে গ্রন্থমেলায় যোগ দিতে ঢাকা সফরে আসলে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আততায়ীরা চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অভিজিৎ নিহত হন এবং তার স্ত্রী বন্যা গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। 

এ মামলায় অভিযুক্ত মোট ছয়জনকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়। এদের মধ্যে সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হুসেনের অনুপস্থিতিতে বিচার হয় এবং তারা পলাতক রয়েছে।  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url