রুবেল-দিয়ার সামনে ইতিহাস গড়ার হাতছানি
from somoynews.tv | RSS Feed https://ift.tt/3nrJMlk
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দুই আর্চার হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টে স্বর্ণ চোখ তাদের। প্রতিপক্ষ কঠিন হলেও, নিজের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান লাল সবুজের দুই আর্চার।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে, শুক্রবার (১৯ নভেম্বর) সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিক্সড ডাবলসের ফাইনালে খেলবে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই সর্বোচ্চ সাফল্য বাংলাদেশের। প্রথমবার দুটি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি, রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টে দিয়া, রুবেলের ফাইনাল।
গেল ৮ বারের অংশগ্রহণে কোনো মেডেলই ছিল না। এবার ঘরের মাটিতে স্বর্ণ জয়ের হাতছানি। যদিও লড়াইটা বিশ্ব আর্চারিতে দাপট দেখানো দক্ষিণ কোরিয়ার দুই আর্চারের বিপক্ষে। তারপরও স্বপ্নবাজ স্বাগতিকরা।
হাকিম আহমেদ রুবেল বলেন, তারা অলিম্পিক চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মাঝে মাঝে মনে হয়, আমরা কি তাদের সঙ্গে পারবো? তবুও আমাদের মানসিক প্রস্তুতি থাকতে হয় যে তারা যদি পারে, আমরাও পারবো।
দিয়া সিদ্দিকা বলেন, এর আগেও আমরা সুইজারল্যান্ডে ফাইনাল খেলেছি। আর এখন যেহেতু দেশের মাটিতে হচ্ছে, তাই আমাদের আত্মবিশ্বাস আছে। এখন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেস্টা করবো।
ম্যাচের আগের দিন তেমন অনুশীলন করেনি বাংলাদেশ। কোচ মার্টিন ফ্রেড্রিকের প্রতিপক্ষের খেলা দেখতে এসে শিষ্যদের নিয়ে কিছুটা সময় দিলেন নিশানাবাজিতে। স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে খেলতে হবে নিজেদের সেরাটা দিয়ে। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আত্মবিশ্বাস ধরে রেখাই লক্ষ্য তাদের।
আরও পড়ুন: পাকিস্তান সিরিজে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ
দিয়া বলেন, ভারত আমাদের প্রতিদ্বন্দ্বী। তাদেরকে কাটিয়ে উঠতে পেরেছি। তো দক্ষিণ কোরিয়াকেও হারানোর ক্ষমতা আছে বলে মনে করি। আমরা আসলে হারার জন্য কেউ যাই না। তারাও কিন্তু আমাদেরকে সে রকমভাবেই নিচ্ছে।
রুবেল বলেন, প্রতিটা খেলার মধ্যেই টিম ওয়ার্কটা থাকে। আর আমাদের কোচ সর্বোচ্চ সাপোর্ট দেয়। তিনি বলেন, নিজেদের মধ্যেই প্র্যাকটিসের মতো করে খেল। বেশি চাপ নিও না। শুধু প্র্যাকটিসটা করো। আশা করি, আমাদের ভালো রেজাল্টা আসবে।
কোরিয়ান দুই আর্চার রো সু জং এবং লি সিয়ং ইয়ং। তাদের বিপক্ষে মাঠে লড়াই টা কঠিনই হবে বাংলাদেশের দুই আর্চার দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেল।
অলিম্পিকে ও বিশ্ব আর্চারিতে স্বর্ণ, এশিয়ান গেমস এবং ইয়ুথ আর্চারিতে পদজয়ী লি সিয়ং ইয়ং আর তার স্বদেশি সতীর্থ অনূর্ধ্ব-১৮ বিশ্বচ্যাম্পিয়ন। এবারই সিনিয়র দলের হয়ে ঢাকায় এসে উঠেছেন ফাইনালে। কঠিন লড়াইয়ে এখন দেখার পালা রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের শ্রেষ্ঠত্ব দখল করতে পারে কিনা বাংলাদেশ।