জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

খবর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষক হত্যা মামলায় জামায়াত নেতাসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো-পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের শূরা সদস্য নজরুল ইসলাম লেবু, আবদুর রউফ, জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক মিয়া, মিজানুর রহমান ও আবু তালেব। তাদের সবার বাড়ি পলাশবাড়ি উপজেলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণাকালে ছয় আসামি উপস্থিত থাকলেও মিজানুর রহমান ও আবু তালেব পলাতক রয়েছে। আদালত মামলার অপর ৮ আসামিকে বেকসুর খালাস দেন। তারা হলেন-এমএ মালেক, লুৎফর রহমান, আবু বকর, রফিকুল ইসলাম, মুছা, আব্দুর রহিম, আবু বক্কর ও শফিকুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের আগস্টে পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী আদর্শ কলেজের কমিটিকে কেন্দ্র করে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের শূরা সদস্য নজরুল ইসলাম লেবুর মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলামের অনুসারীরা আব্দুল মান্নানের ওপর হামলা চালায়। এ সময় আব্দুলকে বাঁচাতে পার্শ্ববর্তী সুইগ্রামের কৃষক হাসান আলী এগিয়ে এলে তিনিও গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসান আলীর বড় ভাই আবুল কাশেম ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা করলে ১৩ জনকে গ্রেফতার করা হয়। পিপি ফারুক আহমেদ প্রিন্স বলেন, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়া একই মামলার অন্য ধারায় ওই ৮ জনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/news/488864/জামায়াত-নেতাসহ-৮-জনের-আমৃত্যু-কারাদণ্ড
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url