মিতু হত্যা মামলার তদন্তে এবার মহিউদ্দিন সেলিম
November 23, 2021 at 05:48AM
from somoynews.tv | RSS Feed
বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তভারে আবারও পরিবর্তন এসেছে। এবার দায়িত্ব পেয়েছেন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিম।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তিনি তদন্ত কর্মকর্তা হিসেবে মামলার নথিপত্র বুঝে নিয়েছেন। এতদিন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ চাকমা।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনের সত্যতা নিশ্চিত কর পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা সময় সংবাদকে বলেন, আগের তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ চাকমা কয়েকদিন আগে বদলী হয়ে সিএমপিতে যোগ দিয়েছেন। তার তাই আমরা স্পর্শকাতর এই মামলার তদন্তের জন্য একজন দক্ষ পুলিশ অফিসারের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিমকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার তদন্তভার বুঝে নিয়ে পিবিআই পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিম বলেন, আমি পিবিআই চট্টগ্রাম জেলায় কাজ করলেও সম্প্রতি আমাকে মেট্রো অঞ্চলে বদলী করা হয়েছে। নির্ধারিত বিভাগে যোগ দেয়ার পর আমি মিতু হত্যা মামলার তদন্তভার পেয়েছি। মামলার নথি-পত্র বুঝে নিয়ে পর্যালোচনা শুরু করেছি। দ্রুত এই মামলার তদন্ত শেষ করার ক্ষেত্রে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।
গত এক সপ্তাহে আগেই পিবিআই পরিদর্শক এবং মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমাকে সিএমপিতে বদলী করা হলে নতুন তদন্ত কর্মকর্তা কে হতে পারে এনিয়ে জোর গুঞ্জন শুরু হয়। বিশেষ করে নানা দিক থেকেই এই মামলা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও চলছিলো। তাই দক্ষ এবং বিচক্ষণ তদন্ত কর্মকর্তার হাতে এই মামলার তদন্তভার তুলে দিতে তৎপর ছিলেন পিবিআই কর্মকর্তারা। এক্ষেত্রে পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিম আগে থেকেই নানাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত এবং তার খুঁটিনাটি সম্পর্কে অবগত থাকায় পিবিআইয়ের এই শীর্ষ কর্মকর্তার প্রতিই আস্থা রেখেছেন।
আরও পড়ুন: স্ত্রী হত্যায় বাবুল আক্তারের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ
চলতি মাসেই পিবিআইয়ের হয়ে একটি আলোচিত হত্যা মামলার রহস্য উন্মোচন করেছেন মহিউদ্দিন সেলিম। বাঁশখালীর ধানের জমি থেকে উদ্ধার হওয়া একটি অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটনের পাশাপাশি হত্যাকারীকে গ্রেপ্তার করেছিলেন তিনি। ভারী অস্ত্র উদ্ধার ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনে যথেষ্ট পরিচিতি রয়েছে মহিউদ্দিন সেলিমের।
বিগত ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে দুবৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আকতারে স্ত্রী গৃহবধু মাহমুদা খানম মিতু। সন্তানকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে। ঘটনার পর পরই বাবুল আকতার বাদী হয়ে অজ্ঞাতানামা সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তভার ন্যস্ত হয় গোয়েন্দা পুলিশের হাতে। কিন্তু ৪ বছর ধরে মামলার তদন্ত করলেও ডিবি পুলিশ তেমন কোনো অগ্রগতি করতে পারেনি।
২০২০ সালে আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। আর তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন পরিদর্শক সন্তোষ চাকমা। এতেই মামলার তদন্তের মোড় ঘুরে যায়। তদন্তে বের হয়ে আসে পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের নির্দেশে তার সোর্স মুসা সন্ত্রাসী বাহিনী দিয়ে মিতুকে হত্যা করেছে। আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিলে মিতুর বাবা বাদী হয়ে বাবুল আকতারসহ ৮ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। অবশ্য মামলা দায়েরের পর পরই পিবিআই বাবুল আকতারকে গ্রেপ্তার করে।