‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’


November 23, 2021 at 10:36PM
from JUGANTOR

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

সারাদেশ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন নির্বাচনে নৌকায় ভোট না দিলে ভোটের দিন কেন্দ্রে যেতে বারণ করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী আল আমিন বিশ্বাসের বিরুদ্ধে।

মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ ও নৌকার প্রার্থীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন খান এ অভিযোগ করেছেন।

এদিকে অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা নৌকার প্রার্থীকে শোকজ করেছেন।

আল-আমিন বিশ্বাস মৌগাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আর আবুল হোসেন খান সাবেক চেয়ারম্যান।

বিষয়টি স্বীকার করে মৌগাছি ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান তালুকদার বলেন, নৌকা প্রতীকের প্রার্থীকে শোকজ করে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ মতে, গত ১৯ নভেম্বর ইউনিয়নের বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন বিশ্বাস বলেন, ‘বিএনপি এবার ভোটে নাই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় সবাইকে ভোট দিতে হবে। বিএনপির যেখানে অংশগ্রহণ নাই, সেখানে স্বতন্ত্র প্রার্থীর কোনো দাম নাই। তাই আমি বিএনপির ভাইদের বলতে চাই- যদি নৌকায় ভোট দিতে কষ্ট হয়, তাহলে ভোট কেন্দ্রে আসবেন না। আসার দরকার নাই। আওয়ামী লীগ সরকার জানে, এমপি আয়েন উদ্দিন জানে- ভোট কীভাবে করতে হয়।’

স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন খান যুগান্তরকে বলেন, ভোট নিয়ে এ পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ আছেন। কিন্তু নৌকার প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। সর্বশেষ রোববার তার মেয়ে এবং পুত্রবধূ নির্বাচনী প্রচারণায় বের হলে তাদের বাড়ি ফিরতে বাধ্য করেছেন নৌকার প্রার্থী। আর ভোটারদের যেতে বারণ করার বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আবুল হোসেন খান সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের আহ্বান জানান।

ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বারণ করার বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী আল-আমিন বিশ্বাস বলেন, ‘আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে যারা পরিচিত, তারা যদি নৌকায় ভোট না দেন তাহলে তাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। আমি আমার নেতাকর্মীদের বলেছি।’

প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটের পরিবেশ খুব সুন্দর আছে।

মৌগাছি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান তালুকদার জানান, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বারণ করার ভিডিও ফুটেজ তিনিও দেখেছেন। তাই নৌকার প্রার্থীকে তিনি শোকজ করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url