হবিগঞ্জ বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০

August 21, 2023 at 05:48AM
from somoynews.tv | RSS Feed
হবিগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে শহরের শায়েস্তানগর ও সার্কিট হাউস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, শনিবারের পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময় যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের একদল উত্তেজিত নেতাকর্মী মিছিল দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এভাবে কয়েক দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এদিকওদিক পালিয়ে আত্মরক্ষা করেন। কাঁদানে গ্যাসের কারণে ব্যবসায়ী ও সাধারণ পথচারীরাও অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক
সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগের ৩০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বিএনপি আহত নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত শনিবার বিকেলে হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ শতাধিক নেতাকর্মী আহত হন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র দে জানান, বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জি কে গউছ বলেন, শনিবারের সংঘর্ষের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশি হয়রানি চলছে। আমাদের অন্তত ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ বিদেশি দূতাবাসে ধরনা দেয় না: কাদের
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী জানান, বিএনপি তাদের বিদেশি প্রভুদের ওপর নির্ভশীলতা হারিয়ে এখন সন্ত্রাস ও জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে লিপ্ত হয়েছে। শনিবার তারা বিনা কারণে পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ৩০ জন পুলিশ আহত হয়েছেন। বিএনপির এ নৈরাজ্যের প্রতিবাদে আজ আমাদের শান্তিপূর্ণ সভা ছিল। বিএনপির সন্ত্রাসীরা তাদের অফিসের সামনে থেকে হামলা করে। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।