শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো বিজিএমইএ


August 18, 2023 at 06:42AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে সংগঠনটির ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক হারুন অর রশিদ, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম, আদর্শ ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।

 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সাঈদীর জন্য শোক

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সময়ের পরিক্রমায় এ দেশে সেন, পাল, মোগল, ইংরেজ, পাকিস্তানিরা এসেছে। তারা এ দেশকে শোষণ করেছে, কেউ স্বাধীনতা দেয়নি। স্বাধীনতা দিয়েছেন জাতির পিতা, টুঙ্গিপাড়ার খোকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা এমনই অভাগা জাতি, আমাদের জাতির পিতাকে হত্যা করেছি। জাতির পিতা অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। আমাদের কাজ হবে শোককে শক্তিতে রূপান্তর করে ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানির মাধ্যমে সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা।’ 

 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর মতো মহান নেতা শুধু বাংলায় কেন, এই গোটা পৃথিবীতে খুব বেশি নেই, যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি, দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য এবং সত্যি সত্যি তিনি সেই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন।’

 

ফারুক হাসান বলেন, ‘ঘাতকরা ব্যক্তি মুজিবকে হত্যা করতে পেরেছে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাঙালি জাতিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রেরণা আজও যুগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রূপ নিচ্ছে। এই ঐতিহাসিক অর্জনে রয়েছে তৈরি পোশাক শিল্পের অনবদ্য অবদান।’

 

আরও পড়ুন: পোশাক খাতের প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি: বিজিএমইএ

 

বিজিএমইএ সভাপতি জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান।

 

স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। আলোচনা পর্বে বক্তারা জাতীয় শোক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন এবং এই শোককে শক্তিতে রূপান্তর করে আরও উদ্যম ও দেশ প্রেম নিয়ে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখার অঙ্গীকার করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির এবং সাধারণ সদস্যরা।

 

আলোচনা অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সব শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url