এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

June 04, 2023 at 04:58AM
from somoynews.tv | RSS Feed
তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা।
শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর ৩টায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন। পরে প্রেসিডেন্ট এরদোয়ানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও পড়ুন: প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান
এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত রোববার (২৮ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। নির্বাচনে তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান ৫২.১৪ শতাংশ ভোট পান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৭.৮৬ শতাংশ ভোট।
গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে থাকলেও নির্বাচিত হতে ব্যর্থ হন। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়।
প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী কেমাল পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। ফলে স্থানীয় নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়।
]]>